BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৬
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় সেপটিক ট্যাংকে পড়ে ভাই-বোনের মৃত্যু


জুলাই ২, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বসতবাড়ির সেপটিক ট্যাংকে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো ইউনিয়নের হাজীপুর গ্রামের রাজমিস্ত্রি জাহাঙ্গীর মিয়ার ছেলে হাসান মিয়া (৪) ও হাবিবা বেগম (২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দিনমজুর জাহাঙ্গীরের বসতঘরের পেছনে একটি সেপটিক ট্যাংক রয়েছে।

কয়েক দিনের টানা বৃষ্টিতে সেপটিক ট্যাংকের চারপাশ পানিতে ভরে যায় এবং মাটি দেবে যায়। প্রতিদিনের মতো রবিবার সকালে হাসান ও হাবিবা খেলার জন্য ঘর থেকে বের হয়। এ সময় তারা সেপটিক ট্যাংকের ওপরে দেওয়া ঢাকনায় উঠে খেলা করছিল। এক পর্যায়ে ঢাকনা ধসে ট্যাংকে পড়ে যায় হাবিবা।

ছোট বোনকে উদ্ধার করতে ভাই হাসানও ওই সেপটিক ট্যাংকে পড়ে যায়। দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর তাদের মা সুমি বেগম দেখতে পান হাসান ও হাবিবা সেপটিক ট্যাংকে পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা এসে তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, ওই দুই শিশুর লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।