BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৬
আজকের সর্বশেষ সবখবর

সোহেল রানার শারীরিক অবস্থার আরও অবনতি


জানুয়ারি ১, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানার শারীরিক অবস্থা আগের চেয়ে অবনতির দিকে। শনিবার তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছেন সোহেল রানার ছেলে পরিচালক মাশরুর পারভেজ।

চিকিৎসকের বরাত দিয়ে মাশরুর বলেন, ‘বাবার অবস্থা গতকালের চেয়ে আরও খারাপ। চিকিৎসকরা একটি ইনজেকশন আনার জন্য বলেছেন। অনেক জায়গায় যোগাযোগের পর আজ সন্ধ্যায় ইনজেকশনটি হাতে পাই। সবাই বাবার জন্য দোয়া করবেন।’

বাবার অসুস্থের খবর পেয়ে গত বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছেন মাশরুর পারভেজ।

গত ২৫ ডিসেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সোহেল রানাকে। তার আগে বেশ কয়েকদিন জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে।

চাষী নজরুল ইসলাম পরিচালিত বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজনা দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। ১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং সোহেল রানা নাম নেন তিনি। একই ছবির মাধ্যমে তার পরিচালক হিসেবেও যাত্রা শুরু হয়।

সোহেল রানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান এই মুক্তিযোদ্ধা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।