BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২১
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া ৩ ভরি স্বর্ণ ফেরত দিলেন চানাচুর বিক্রেতা


নভেম্বর ২৩, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে ভ্যানগাড়ির পাশে পড়ে থাকা প্রায় তিন ভরি স্বর্ণালংকার কুড়িয়ে পেয়েও নিজের কাছে রাখেননি চানাচুর বিক্রেতা আমির উদ্দিন (৩৫)। চার ঘণ্টা পর পুলিশের উপস্থিতিতে প্রকৃত মালিকের হাতে অলংকারগুলো ফিরিয়ে দিয়েছেন। তার সততায় মুগ্ধ হয়ে মালিক সজল তালুকদার তাকে পাঁচ হাজার টাকা উপহার দিয়েছেন।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় নিজের ভ্যানগাড়ির চাকার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন আমির উদ্দিন। ব্যাগটি তুলে ভেতরে অন্যান্য সামগ্রীর সঙ্গে প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালংকার দেখতে পান তিনি। পরে রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি মালিকের হাতে তুলে দেন।

স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার জানান, তিনি পরিবার নিয়ে শহরের আবুল হোসেন রোডে একটি ভাড়া বাসায় থাকেন। রোববার বিকেলে তার স্ত্রী এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি জুয়েলার্সে যান। কাজ শেষে আলফাত স্কয়ার হয়ে রিকশায় বাসায় ফেরেন তারা। বাসার সামনে নামার পরই বুঝতে পারেন, স্ত্রীর হাতের ব্যাগটি নেই। কোথায় বা কীভাবে ব্যাগটি হারিয়েছে, প্রথমে তা বুঝতে পারছিলেন না তারা।

এরপর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে বিষয়টি জানান সজল। সম্ভাব্য স্থানে ব্যাগটির খোঁজ করেও না পেয়ে একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান। তবে তার বন্ধুরা অন্য একটি রিকশায় বাড়ি ফেরার পথে স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। তাদের রিকশাচালক তরুণ আবু সাইদ কথাটি শুনে জানান, এক চানাচুর বিক্রেতা একটি ব্যাগ কুড়িয়ে পেয়ে মালিকের খোঁজ করছেন। এরপর বন্ধুরা সজলকে খবর দেন এবং আমির উদ্দিনের কাছে নিয়ে যান।

আমির উদ্দিন জানান, ব্যাগটি কুড়িয়ে পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ কাছাকাছি ছিলেন। তিনি বলেন, ‘স্বর্ণ দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে ছেলেরে দিয়া ঘরও পাঠাইছি, সাবধানে রাখবার লাগি। আমার দোকানও রাখা নিরাপদ না, তিনবার দোকান চুরি অইছে।’

শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা আমির উদ্দিন সপরিবারে একটি ভাঙাচোরা ভাড়া ঘরে থাকেন। স্বর্ণালংকারগুলো রেখে দিতে পারতেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’

আমির উদ্দিনের সততার প্রশংসা করে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, থানায় জানানোর পর পুলিশ সদস্যদের মাধ্যমে সজল তালুকদারের সঙ্গে ব্যাগটির খোঁজ করা হয়। পরে তারা আমির উদ্দিনসহ থানায় আসেন। আমির উদ্দিনকে ভালো মানুষ মনে হয়েছে। তার সততার কারণেই ব্যাগটি ফেরত পাওয়া গেছে।

কৃতজ্ঞতা জানিয়ে সজল তালুকদার বলেন, আমরা তিনটা মানুষ চার ঘণ্টা ব্যাগটা খুঁজছি। পাইনি। আমির উদ্দিনকে সরল মনে অইছে। টাকা নিতে চায়নি, জোর করে দিছি। আমার কাছে তখন এই টাকাই ছিল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।