সিলেট নগরীর বাগবাড়ী এলাকায় প্রবাসী মো. শাহজাহানের পৈত্রিক ও দলিলমূলে কেনা জমি দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ নতুন মাত্রা পেয়েছে। ২০০৯ সালে তৎকালীন স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযুষ কান্তি দে ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় জমির মালিকের পক্ষে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৯৮৪, তাং-১২/০২/২০০৯) করেন আমমোক্তার রিপন চৌধুরী। দীর্ঘদিন পর আবারও জমি দখলের তৎপরতার অভিযোগ উঠেছে আওয়ামী ডেভিলদের বিরুদ্ধে। তারা বিভিন্ন ভূয়া আইডি ও পেজের মাধ্যমে জমির মালিক ও তাঁর আমমোক্তার রিপন চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্রহননও করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বাদীপক্ষের দাবি, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান বিএনপি সরকারের আমলে ডেভিলরা পরিচয় পাল্টে আবারও একজোট হয়ে প্রবাসী শাহজাহানের জমি দখলের চেষ্টা করছেন। জমির খতিয়ানে জালিয়াতি, বিতর্কিত দলিল তৈরি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা করেছেন তিনি। বিরোধপূর্ণ জমিতে আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জমির প্রকৃত দখল পরিস্থিতি জানতে ভূমি প্রশাসনের প্রতিবেদন চাওয়া হয়েছে এবং কোতোয়ালি থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, বাগবাড়ী মৌজার এই জমি নিয়ে বিরোধের সূত্রপাত ২০০৯ সালে। ওই সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযুষ কান্তি দে ও তাঁর অনুসারীরা জমিটি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় প্রবাসী জমির মালিকের পক্ষে আমমোক্তার রিপন চৌধুরী কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন।
বাদীপক্ষের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও অন্তর্বর্তী সরকারের সময় এবং বর্তমান বিএনপি সরকারের আমলে অভিযুক্তরা আবারও একজোট হয়েছেন। নতুন করে জমি দখলের তৎপরতা শুরু করেছেন তাঁরা। প্রবাসে অবস্থানরত জমির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে জমিটি দখলে নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়েছে।
জমির মালিকানা ও দখল রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার পর বর্তমানে প্রবাসী শাহজাহান এবং তাঁর পক্ষে দায়িত্ব পালনকারী আমমোক্তার রিপন চৌধুরীর বিরুদ্ধে ডেভিল ও তাদের সহযোগিরা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বাদীপক্ষের দাবি, জমি দখলের চেষ্টা এবং খতিয়ান জালিয়াতির অভিযোগে আদালতের আশ্রয় নেওয়ার পর তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। আইনি প্রক্রিয়ায় মোকাবিলা না করে বাদী ও তাঁর প্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে তাঁদের অভিযোগ।
মামলার আরজি অনুযায়ী, সিলেট সদর উপজেলার বাগবাড়ী মৌজার এসএ জে.এল. নম্বর ৯০ এবং বিএস জে.এল. নম্বর ৭৫-এর অন্তর্ভুক্ত এসএ ১০৭৮ ও বেনালিশী ১০৯৮ নম্বর দাগের সাইলউরা প্রকৃতির মোট ২ দশমিক ৫৯ একর জমির মধ্যে বিভিন্ন সাফ কবলা ও বায়না দলিলের মাধ্যমে বাদীপক্ষের স্বত্ব ও অংশ রয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, ২০২৬ সালের ১ জুন জোনাল সেটেলমেন্ট অফিস থেকে জমির রেকর্ড উত্তোলন করতে গিয়ে তাঁরা অনিয়মের বিষয়টি জানতে পারেন। বিএস ম্যাপ অনুযায়ী ৩৪১৮ নম্বর দাগের ০.০৫৬০ একর বা প্রায় ৫.৬ শতক জমি ভুল ও অবৈধভাবে বিবাদীদের নামে ডিপি ৪৮৪০ নম্বর খতিয়ানে রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া ৫৪৮৯/২০০৩ নম্বর দলিল নিয়েও আপত্তি তুলেছেন তাঁরা। বাদীপক্ষের দাবি, প্রকৃত দখলহীন বিবাদীদের নামে ওই দলিল তৈরি করা হয়েছে। খতিয়ানের মন্তব্য কলামে পেন্সিল দিয়ে জালিয়াতির মাধ্যমে পরিবর্তন আনার অভিযোগও রয়েছে।
মামলার আরজিতে বলা হয়, গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে বিবাদীরা একত্রিত হয়ে নালিশি জমির উত্তর পাশের সংলগ্ন রাস্তায় অবস্থান নেন। এ সময় বাদীপক্ষের লোকজনকে জমির দখল ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
বাদীপক্ষের অভিযোগ, এতে বাধা দিলে তাঁদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। দুই-এক দিনের মধ্যে আরও লোকজন নিয়ে এসে প্রাণনাশের মাধ্যমে নালিশি জমি দখল করে নেওয়ার হুমকিও দেওয়া হয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও রক্তক্ষয়ী পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়।
মামলায় বিবাদী করা হয়েছে সায়েস্তা হোসেন কুরেসী (৫৫), মো. নাহিদ (৩৮), মনোয়ার হোসেন (৩৯), শিশির রায় (৪২)।
জমির মালিকানা ও জালিয়াতির প্রতিকার চেয়ে প্রবাসী শাহজাহানের পক্ষে প্রথমে সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে স্বত্ব মোকদ্দমা দায়ের করা হয়। পরবর্তী সময়ে জমির দখল নিয়ে বিরোধ ও সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় ৬৭/২০২৬ নম্বর বিবিধ মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি আমলে নিয়ে আদালত বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন বলে বাদীপক্ষ জানিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি)-কে জমির বর্তমান দখল পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকেও নালিশি জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে দ্বিতীয় পক্ষকে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। দীর্ঘদিনের জমি দখল বিরোধ, সরকারি রেকর্ডে কথিত জালিয়াতি, নতুন করে দখলচেষ্টার অভিযোগ এবং সর্বশেষ বাদী ও তাঁর আমমোক্তারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বাদীপক্ষের দাবি, আদালতের নির্দেশনা বাস্তবায়ন, জমির প্রকৃত মালিকানা ও দখল নিশ্চিত করা এবং তাঁদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
