স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। তবে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পায়নি দল। তার ওপর সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সও আশানুরূপ নয়। সব মিলিয়ে চ্যালেঞ্জটা বেশ কঠিন। তবু নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে দক্ষিণ আফ্রিকার মাটিতেও ভালো করা সম্ভব।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি, কন্ডিশন, সাম্প্রতিক ব্যর্থতা এবং জয়ের আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন শান্ত। সেখানে তিনি জানান, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় না পেলেও পেশাদার ক্রিকেটার হিসেবে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিকল্প নেই।
শান্ত বলেন, ‘সত্যি বলতে, কন্ডিশন অনুযায়ী নিজেদের প্রস্তুত করার জন্য আমাদের হাতে তেমন সময় নেই। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের সবাইকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা কঠিন, আমরা জানি। তবে দলের কয়েকজনের এখানে খেলার অভিজ্ঞতা আছে। আমার মনে হয়, তাদের সেই অভিজ্ঞতা দলের জন্য কাজে আসবে। তারা তরুণ ক্রিকেটারদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করবে, যা খেলোয়াড়দের সাহায্য করবে।’
প্রস্তুতির স্বল্পতা থাকলেও দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। তার ভাষ্য, শেষ দুই দিনের অনুশীলনে ভালো প্রস্তুতি হয়েছে। এখন মাঠে নেমে শুরুটা ভালো করার পাশাপাশি পরিকল্পনার বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শান্ত বলেন, ‘সবাই ফিট আছে, খেলার জন্য প্রস্তুত। এটা ভালো দিক। আমরা কয়েকটি অনুশীলন সেশন পেয়েছি। প্রস্তুতির দিক থেকে গত দুই দিনে নেটে ভালো অনুশীলন করেছে ছেলেরা। তাদের দেখে মনে হচ্ছে, সবাই প্রস্তুত। আমরা ব্যাটিং কিংবা বোলিং, যেভাবেই দিন শুরু করি না কেন, শুরুটা কীভাবে করছি, সেদিকে খুব মনোযোগী হতে হবে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’
ডারউইন টেস্ট (অস্ট্রেলিয়ার বিপক্ষে) জয়ের পর থেকে টেস্ট ক্রিকেটে খুব একটা ভালো সময় কাটছে না বাংলাদেশের। সবশেষ কয়েকটি ম্যাচেও প্রত্যাশিত ফল পায়নি দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খুইয়েছে। অন্যদিকে, এই কন্ডিশনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা। তবে অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে থাকতে চান না শান্ত। বরং ভুলগুলো চিহ্নিত করে সামনের ম্যাচে ভালো করার দিকেই মনোযোগ দলের।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। হ্যাঁ, আমাদের গত দুই-তিনটা ম্যাচ ভালো যায়নি, এটা সত্যি। বাট ওইটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা না করে আমরা সামনে কীভাবে ভালো করতে পারি, এটা ইম্পর্টেন্ট। কোন কোন জায়গায় ভুল করেছি, কোন কোন জায়গায় আরেকটু ভালো করতে পারতাম, এগুলো নিয়ে ডিসকাশন ছিল। যদিও এটা ডিফারেন্ট কন্ডিশন। সো এই কন্ডিশনে আমরা কীভাবে ব্যাটসম্যান এবং বোলাররা ভালো করতে পারি, এটা ইম্পর্টেন্ট। সো মেন্টালি সবাই ভালো একটা অবস্থানে আছে এবং আমি মনে করি যে আমাদের যে বেস্ট গেমটা আমরা যদি এখানে খেলতে পারি, প্ল্যানটা এক্সিকিউট করতে পারি, এখানে আমরা ভালোভাবে ম্যাচটা খেলতে পারব।’
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে সাধারণত পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। এবারও তেমন কিছুর প্রত্যাশা করছেন শান্ত। তবে শুধু পেসারদের ওপর নির্ভর করতে চান না তিনি। অভিজ্ঞ স্পিনারদের কাছ থেকেও কার্যকর ভূমিকা আশা করছেন বাংলাদেশ অধিনায়ক।
শান্ত বলেন, ‘কন্ডিশনটা আপনি যেটা বললেন, দেখার এখনও সুযোগ হয়নি। বাট আমার মনে হয় এখানে অবশ্যই পেস বোলারদের তো একটু হেল্প থাকবেই। সো ওইটাই আশা করছি। পাশাপাশি আমাদের যে স্পিনাররা আছেন, তারা এক্সপেরিয়েন্স এ ধরনের কন্ডিশনে বোলিং করে। সো আমার মনে হয় যে পেস বোলারদের ওদের দায়িত্বটা একটু বেশি থাকবে, পাশাপাশি স্পিনাররা যদি ওই সাপোর্টটা করতে পারে, তাহলে ভালো একটা ম্যাচ আমরা দিতে পারব।’
এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতিও বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে মনে করেন শান্ত। তার মতে, এই দেশে ভালো খেলা এবং ম্যাচ জেতা যে সম্ভব, অতীতের সেই সাফল্য তার প্রমাণ। তবে শুধু অতীতের অর্জন দিয়ে নয়, মাঠে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেই সাফল্য পেতে হবে।
শান্তর ভাষায়, ‘এর আগে সাউথ আফ্রিকাতে আমরা এসে ওয়ানডে সিরিজ জিতেছি, এটা একটা কনফিডেন্স দিবে। একটা এভিডেন্স আমাদের সামনে আছে যে না, এখানেও ভালো খেলা সম্ভব এবং ম্যাচ জেতা সম্ভব। সো অবশ্যই এটা একটা কনফিডেন্স দিবে। বাট দিনশেষে আমাদেরকে আমাদের বেস্ট গেমটা খেলতে হবে এবং আমরা যে প্ল্যান করেছি, ওই প্ল্যানগুলো এক্সিকিউট করতে হবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করার ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের কথা জানাতেও দ্বিধা করেননি বাংলাদেশ অধিনায়ক। সংবাদ সম্মেলনে এক গণমাধ্যমকর্মী তার কাছে জানতে চান, দলের ভালো করার ব্যাপারে যেমন আত্মবিশ্বাসী সমর্থকেরা, তিনি নিজে কতটা বিশ্বাস রাখছেন? জবাবে শান্ত বলেন, ‘আমার তো অনেক বিশ্বাস। আসলে বিশ্বাস না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। সো পুরা টিম বিশ্বাস করে যে এখানে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’
সব মিলিয়ে প্রস্তুতির ঘাটতি, প্রতিপক্ষের শক্তি কিংবা সাম্প্রতিক ব্যর্থতা কোনোটিকেই বড় করে দেখতে চান না শান্ত। নিজেদের সেরা ক্রিকেট খেলা এবং পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করাকেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো ফল পাওয়ার মূল চাবিকাঠি মনে করছেন তিনি।
