মোঃ মিজানুর রহমান : খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই; দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই। গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে দুই যুগের পথচলা পূর্ণ করেছে নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক। ২০০২ সালের ১২ নভেম্বর যাত্রা শুরু করা সংগঠনটি দীর্ঘ ২৪ বছর ধরে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা, নির্বাচনব্যবস্থার সংস্কার, দুর্নীতি প্রতিরোধ, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকেই সুজনের মূল লক্ষ্য ছিল নাগরিকদের মধ্যে অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদ ও ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে ২০০২ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে সংগঠনটি নির্বাচনকেন্দ্রিক কার্যক্রমের গণ্ডি পেরিয়ে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার একটি বৃহত্তর নাগরিক আন্দোলনে পরিণত হয়। দলনিরপেক্ষতা, ঐক্য, সততা, স্বচ্ছতা, সমতা ও অসাম্প্রদায়িকতা- এই নীতিগুলোকে ধারণ করে সুজন মনে করে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাই রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত, অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করা অপরিহার্য। সুজন কী এবং সাধারণ মানুষের জন্য এর কাজ কী? সাধারণ মানুষের কাছে সুজনের কাজের মূল কথা হলো- নাগরিককে তার অধিকার সম্পর্কে সচেতন করা, অন্যায়ের প্রতিবাদে সংগঠিত করা এবং রাষ্ট্র ও জনপ্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনার জন্য জনমত তৈরি করা। একজন নাগরিক যেন জানতে পারেন তাঁর এলাকার জনপ্রতিনিধি কী কাজ করছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর যোগ্যতা ও সম্পদের বিবরণ কী, সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে তাঁর অধিকার কী এবং কোনো অনিয়ম বা দুর্নীতি হলে কোথায় ও কীভাবে প্রতিবাদ জানাতে হবে- এসব বিষয়ে সচেতনতা তৈরিতে সুজন কাজ করে। সুজন মনে করে, শুধু ভোটাধিকার প্রয়োগ করলেই একজন নাগরিকের দায়িত্ব শেষ হয় না। নির্বাচিত জনপ্রতিনিধির কর্মকাণ্ড পর্যবেক্ষণ, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতামত দেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে জবাবদিহি চাওয়াও নাগরিকের দায়িত্ব। নির্বাচনব্যবস্থা ও রাজনৈতিক সংস্কারে ভূমিকা: সুজনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো নির্বাচনব্যবস্থাকে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে নাগরিকদের সম্পৃক্ত করা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, আয়-সম্পদ, দায়-দেনা ও অন্যান্য তথ্য ভোটারদের সামনে তুলে ধরা, প্রার্থীদের জনগণের মুখোমুখি করা এবং সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার মতো কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। এ ছাড়া নির্বাচন কমিশনকে শক্তিশালী ও স্বাধীন করা, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, রাজনৈতিক দলের আয়- ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজনীতিতে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদের অংশগ্রহণ উৎসাহিত করার দাবিতে দীর্ঘদিন ধরে কাজ করছে সুজন।
জনস্বার্থে নীতিনির্ধারণ ও সামাজিক আন্দোলন: শিক্ষা, বিচারব্যবস্থার স্বাধীনতা, নির্বাচন কমিশন, স্থানীয় সরকার, প্রশাসনিক সংস্কার, মানবাধিকার, দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সুজন আলোচনা সভা, গোলটেবিল বৈঠক, নাগরিক সংলাপ, সংবাদ সম্মেলন, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। কোনো এলাকায় নাগরিকদের দীর্ঘদিনের সমস্যা থাকলে তা চিহ্নিত করে জনমত তৈরি করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়াও সংগঠনটির কাজের অংশ। অর্থাৎ সুজন কেবল সমস্যা তুলে ধরে না; সমস্যা সমাধানে নাগরিকদের অংশগ্রহণ ও দায়িত্বশীল কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার পক্ষেও কাজ করে। তরুণ প্রজন্ম ও নাগরিক সচেতনতা: একটি সচেতন, দায়িত্বশীল ও মানবিক সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করাকে বিশেষ গুরুত্ব দেয় সুজন। নির্বাচন অলিম্পিয়াড, গণতন্ত্র অলিম্পিয়াড, মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড, তথ্য অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে তরুণদের গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, সহনশীলতা ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া নাগরিকদের অধিকার আদায়, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তৃণমূল পর্যায়ে সংগঠিত হওয়ার জন্য কেন্দ্র, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে সুজন। সিলেটে সুজনের নাগরিক উদ্যোগ ও কার্যক্রম: জাতীয় পর্যায়ের মতো সিলেটেও সুজন- সুশাসনের জন্য নাগরিক জেলা শাখা নাগরিক সচেতনতা, গণতন্ত্র, রাষ্ট্র সংস্কার, নির্বাচনব্যবস্থা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেছে। তার উল্লেখযোগ্য কিছু অংশ এখানে তুলে ধরছি। ২০২৩ সালের ৫ আগস্ট সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে মানববন্ধন করে সুজন সিলেট জেলা কমিটি। রাজনৈতিক সংঘাতের পরিবর্তে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের বার্তা ছিল ওই কর্মসূচির মূল উদ্দেশ্য। ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর জেলা শাখার বার্ষিক পরিকল্পনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নাগরিক অধিকার, রাজনৈতিক পরিস্থিতি, মানবিক মর্যাদা এবং হয়রানিমূলক মামলার বিষয়ে আলোচনা ও অবস্থান তুলে ধরা হয়। ২০২৫ সালের ১৭ জুলাই ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ আয়োজন করে সিলেট জেলা সুজন। এতে নাগরিকের বাকস্বাধীনতা, নিরাপত্তা, মৌলিক অধিকার, রাজনৈতিক সংস্কার ও রাষ্ট্রব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা মতামত দেন। এ ছাড়া ২০২৬ সালের ২৫ জানুয়ারি ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ বিষয়ে বিভাগীয় সংলাপ আয়োজন করে সুজন সিলেট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার। সভাপতিত্ব করেন সিলেট জেলা সুজনের সভাপতি শিরিন আক্তার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সিলেটসহ সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। এ সংলাপে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নির্বাচনব্যবস্থার সংস্কার, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, মানবাধিকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সিলেটের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যায়ও সুজনের নাগরিক অবস্থান রয়েছে। বিশেষ করে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় নিরাপদ সড়কের দাবি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চালকের ক্লান্তি, বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, অননুমোদিত যানবাহন, অবৈধ স্ট্যান্ড এবং সড়কের দুরবস্থার মতো বিষয়গুলোকে দুর্ঘটনার ঝুঁকি হিসেবে চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এ ধরনের জনদুর্ভোগ নিরসনে প্রশাসন, সড়ক বিভাগ, হাইওয়ে পুলিশ, বিআরটিএ, পরিবহন মালিক-শ্রমিক ও জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা জরুরি। আগামীর কর্মপরিকল্পনা: আরও সংগঠিত নাগরিক আন্দোলন: সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য, খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই; দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই।’ সমসাময়িক বাস্তবতায় এই প্রতিপাদ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হত্যা, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন, সাম্প্রদায়িক সহিংসতা, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আগামী দিনে সুজনের কর্মপরিকল্পনায় কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পাওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে- ১. নির্বাচনব্যবস্থার সংস্কার ও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য নাগরিক সচেতনতা বৃদ্ধি। ২. রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের স্বচ্ছতা, জবাবদিহি এবং জনকল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় জনমত গঠন। ৩. দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার। ৪. নারী, শিশু, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও মানবাধিকার সুরক্ষায় কার্যকর নাগরিক উদ্যোগ। ৫. তরুণ প্রজন্মকে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন করে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা। ৬. স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে নাগরিকদের অংশগ্রহণমূলক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ তৈরি। ৭. সিলেটের জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা, সড়ক নিরাপত্তা, নাগরিক দুর্ভোগ, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের অনিয়মসহ গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক আলোচনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি তুলে ধরা।
৮. জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করে সচেতন, সংগঠিত ও সোচ্চার নাগরিক সমাজ গড়ে তোলা। সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন সম্মিলিত নাগরিক উদ্যোগ: সুজনের বিশ্বাস, সুশাসন প্রতিষ্ঠা শুধু সরকার বা রাজনৈতিক নেতৃত্বের একক দায়িত্ব নয়। এর জন্য প্রয়োজন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা, আইনের শাসন, ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহির পাশাপাশি সচেতন ও সক্রিয় নাগরিক সমাজ। কজন নাগরিক যখন নিজের অধিকার সম্পর্কে জানবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করবেন এবং জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহি চাইবেন, তখনই গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী হবে। দুই যুগের অভিজ্ঞতা ও অর্জনকে পুঁজি করে সুজন আগামী দিনে আরও শক্তিশালী, সংগঠিত ও কার্যকর নাগরিক আন্দোলন গড়ে তুলতে চায়। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক সুজনের আগামী দিনের অঙ্গীকার। সুজনের প্রত্যাশা- নাগরিকের সচেতনতাই হবে সুশাসনের শক্তি, আর সম্মিলিত নাগরিক উদ্যোগেই গড়ে উঠবে কাঙ্খিত মানবিক বাংলাদেশ।
লেখক: সম্পাদক, সুজন-সুশাসনের জন্য নাগরিক, সিলেট জেলা শাখা।
