BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৫
আজকের সর্বশেষ সবখবর

৪ দিনে বিতর্কিত ‘টক্সিক’ সিনেমার আয় ৩৩৫ কোটি টাকা ছাড়িয়ে


আগস্ট ৩০, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বহুল প্রতীক্ষিত কন্নড় সিনেমা ‘টক্সিক’। নির্মাণের শুরু থেকে নানা কারণে বিতর্কের জন্ম দিয়েছে এটি। টিজার-ট্রেইলার মুক্তির পর বিতর্ক দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মুক্তির পর বক্স অফিসেও দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি

কন্নড় সিনেমার তারকা অভিনেতা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’। শুটিংয়ের শুরু থেকে মুক্তির পূর্ব পর্যন্ত একাধিক বিতর্কে জড়িয়েছে গীতু মোহনদাসের এই সিনেমা। যদিও সিনেমাটির ট্রেইলারে ধুন্ধুমার অ্যাকশন, রোমান্স, যশের নগ্ন দৃশ্য ও নায়িকাদের আবেদনময়ী উপস্থিতিতে বুঁদ সিনেমাপ্রেমীরা।

প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২৬ আগস্ট, বিশ্বের ১০ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি। মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। রিভিউ অ্যাগ্রিগেটর ওয়েবসাইট রোটেন টমেটোজ ১৭ জন সমালোচকের পর্যালোচনা প্রকাশ করেছে। এর মধ্যে ২৪ শতাংশ ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। তারা দশে গড় রেটিং দিয়েছেন ৪.৪০। এনডিটিভির লতা শ্রীনিবাস, দ্য টাইমস অব ইন্ডিয়ার শ্রীদেবী এস. পাঁচে ৩ রেটিং দিয়েছেন। ফাস্টপোস্টের জিনিয়া ব্যানার্জি পাঁচে রেটিং দিয়েছেন আড়াই, বলিউড হাঙ্গামা পাঁচে আড়াই রেটিং দিয়েছে। চলুন জেনে নিই, ৪ দিনে ‘টক্সিক’ সিনেমা কত টাকা আয় করল—

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য মতে, মুক্তির প্রথম দিনে ‘টক্সিক’ সিনেমা ভারতে আয় করেছে ৫৫.৪ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করেছে ২৪ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করেছে ২৬ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে আয় করেছে ২৫ কোটি রুপি (নিট)। চার দিনে সিনেমাটির মোট আয় ১৮৫ কোটি রুপি (নিট)। বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ২৬০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৩৫ কোটি ৩৯ লাখ টাকার বেশি)।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘টক্সিক’ সিনেমা চার দিনে ভারতে আয় করেছে ১৯১.১০ কোটি রুপি (নিট)। বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ২৫৫.৫০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৩২৯ কোটি ৫৯ লাখ টাকার বেশি।

তারকা বহুল ‘টক্সিক’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ। তার চরিত্রের নাম ‘রায়া’। ‘নাদিয়া’ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা সিনেমাটির ‘গঙ্গা’ চরিত্র রূপায়ন করেছেন। ‘মেলিসা’ চরিত্রে দেখা যাবে রুক্মিণী বসন্তকে। ‘এলিজাবেথ’ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি।

৪৫০ কোটি রুপি বাজেটের ‘টক্সিক’ সিনেমা প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণ ও যশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।