BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৫
আজকের সর্বশেষ সবখবর

কনসার্টের মঞ্চে একাধিক ব্যান্ড


আগস্ট ২৯, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

একসময় ঢাকার খোলা মাঠ কিংবা উন্মুক্ত প্রাঙ্গণে কনসার্ট মানেই ছিল তরুণদের ব্যাপক উপস্থিতি, প্রিয় শিল্পীর গান আর রাতভর উৎসবের আমেজ। কিন্তু নানা কারণে সাম্প্রতিক সময়ে বড় পরিসরের ওপেন এয়ার কনসার্ট আয়োজনের সংখ্যা অনেকটাই কমেছে। ফলে মঞ্চে নিয়মিত সংগীত পরিবেশনের সুযোগও কিছুটা সংকুচিত হয়েছে শিল্পীদের। এমন এক সময়ে আবারও রাজধানীতে বসতে যাচ্ছে বড় পরিসরের একটি সংগীত আয়োজন। যেখানে একই মঞ্চে দেখা যাবে একক শিল্পী, জনপ্রিয় ব্যান্ড ও ডিজের পরিবেশনা।

আজ মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত হবে ‘মনসুন বিটস’ কনসার্ট। এতে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী ও সংগীতায়োজক প্রীতম হাসান। প্লেব্যাক, একক ও দ্বৈত গান এবং অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি মঞ্চেও নিয়মিত সরব এই শিল্পী। এবার ওপেন এয়ার কনসার্টের মঞ্চে নিজের জনপ্রিয় গান নিয়ে হাজির হবেন তিনি।

শুধু প্রীতম হাসান নন, আয়োজনটির অন্যতম আকর্ষণ দেশের জনপ্রিয় রক-মেটাল ব্যান্ড আর্টসেল। দীর্ঘদিন ধরে ব্যান্ডটির গান তরুণ শ্রোতাদের কাছে আলাদা আবেদন তৈরি করেছে। ফলে প্রীতমের সলো পারফরম্যান্সের পাশাপাশি আর্টসেলের পরিবেশনা কনসার্টটিতে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন আয়োজকরা।

আয়োজনের তালিকায় আরও রয়েছে অড সিগনেচার, রেনেসাঁস, কণ্ঠশিল্পী শিবু এবং ডিজে শিমারাইয়ের পরিবেশনা। অর্থাৎ একই মঞ্চে থাকছে রক, ব্যান্ড, একক গান ও ডিজে পারফরম্যান্সের সমন্বয়। সংগীতের ভিন্ন ভিন্ন ঘরানার শ্রোতাদের কথা মাথায় রেখেই শিল্পী ও ব্যান্ড নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

‘মনসুন বিটস’ আয়োজন করছে এনভায়ারো ইভেন্টস। আয়োজকদের ভাষ্য, সংগীতপ্রেমীদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই এই কনসার্টের পরিকল্পনা করা হয়েছে। প্রতিষ্ঠিত ব্যান্ড ও তারকাশিল্পীদের পাশাপাশি বর্তমান সময়ের আলোচিত শিল্পীদের একই মঞ্চে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশে কনসার্ট আয়োজনের ক্ষেত্রে যে স্থবিরতা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে শিল্পী ও শ্রোতা—দুই পক্ষের ওপরই। বড় আয়োজন কমে যাওয়ায় অনেক শিল্পীর নিয়মিত মঞ্চে ওঠার সুযোগ সীমিত হয়েছে। অন্যদিকে শ্রোতারাও প্রিয় শিল্পীদের সরাসরি দেখার ও শোনার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। সেই জায়গায় ‘মনসুন বিটস’-এর মতো আয়োজন নতুন করে আশার সঞ্চার করছে।

তবে একটি কনসার্ট দিয়েই দীর্ঘদিনের স্থবিরতা কাটবে কি না, সেটি সময়ই বলবে। তারপরও নিয়মিত ও নিরাপদ পরিবেশে বড় পরিসরের সংগীত আয়োজন ফিরে আসা যে জরুরি, তা নিয়ে সংগীতাঙ্গনে আগ্রহ রয়েছে। কারণ শিল্পীর নতুন গান যেমন শ্রোতার কাছে পৌঁছায়, তেমনি সরাসরি মঞ্চের পরিবেশনা তৈরি করে শিল্পী ও দর্শকের মধ্যে অন্যরকম এক যোগাযোগ।

১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকরা নির্ধারিত মূল্যের টিকিট সংগ্রহ করে ‘মনসুন বিটস’-এ অংশ নিতে পারবেন। প্রীতম হাসান, আর্টসেলসহ একাধিক শিল্পী ও ব্যান্ডের পরিবেশনায় আজকের এই আয়োজন তাই শুধু আরেকটি কনসার্ট নয়; স্থবিরতার মধ্যে ঢাকার ওপেন এয়ার মিউজিকের পরিবেশে নতুন করে প্রাণ ফেরানোর একটি প্রচেষ্টাও।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।