সিলেটে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর মিছিল থামছেই না। প্রায় প্রতিদিনই আক্রান্ত শিশুদের মৃত্যুর খবর আসছে। গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ মারা যাওয়া শিশুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গোপালপুর এলাকায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১০৮ জনের মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৪৮ জন, সিলেট জেলায় ৩৬ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৭১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৪৮ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯১ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯ জন চিকিৎসা নিচ্ছেন। বাকিরা জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, ‘যারা আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, তাদের প্রায় ৯৫ শতাংশই হামের টিকা নেয়নি। অজ্ঞতা, কুসংস্কার এবং টিকা গ্রহণে অনীহার কারণে সিলেটের চা-বাগান এলাকা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে অনেক শিশু টিকার বাইরে থেকে গেছে। ফলে এসব এলাকাতেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলক বেশি।’
তিনি অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়েই হামের টিকা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি কোনো শিশুর জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
