BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৪
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে হত্যা করে উঠানেই পুঁতে রাখেন স্বামী, ১৯ দিন পর নারীর মরদেহ উদ্ধার


জুলাই ৬, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বসতবাড়ির উঠান খুঁড়ে উদ্ধার হলো এক নারীর মরদেহ। প্রথমে স্ত্রী সৌদি আরবে চলে যাওয়ার দাবি করলেও পুলিশের জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন স্বামী আলমগীর হোসেন (৩৫)। এ ঘটনায় তাকে এবং তার এক সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত জায়েদা বেগম (৩৮) রাজনগর উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। তার স্বামী আলমগীর হোসেন করিমপুর চা-বাগান এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৩ জুলাই মেয়ের নিখোঁজের ঘটনায় রাজনগর থানায় সাধারণ ডায়েরি করেন নিহতের বাবা। তদন্তের অংশ হিসেবে ৫ জুলাই আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দাবি করেন, তার স্ত্রী ১৯ জুন সৌদি আরবে চলে গেছেন। তবে বক্তব্যে অসংগতি ধরা পড়ায় তাকে থানায় এনে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে আলমগীর স্বীকার করেন, গত ১৭ জুন রাতে এক সহযোগীর সহায়তায় তিনি স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন মরদেহ নিজ বসতবাড়ির উঠানে গর্ত খুঁড়ে মাটিচাপা দেন।

সোমবার (৬ জুলাই) সকালে আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদারের উপস্থিতিতে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় স্বামীসহ দুজন পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।