BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৯
আজকের সর্বশেষ সবখবর

হাতকড়া পরে মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা


জুন ২৩, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের পটিয়ায় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নেন আইয়ুব বাবুল নামে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এক নেতা। সোমবার (২২ জুন) রাত নয়টা থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। এর মধ্যেই রাত সাড়ে নয়টার দিকে তিনি মায়ের জানাজায় অংশ নেন।

জানা যায়, আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল।

সোমবার রাতে পটিয়া পৌর সদরের আদালত জামে মসজিদ চত্বরে ওই জানাজা হয়েছে।

গতকাল দুপুরে বাবুলের মা আমজুমান আরা বেগম (৮০) মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। পৌর সদরের ওয়াদপা রোড এলাকায় তাদের বাড়ি। মায়ের মৃত্যুর পর আইয়ুব বাবুলকে প্যারোলে মুক্তি দিতে তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আইয়ুব বাবুলকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাতে পুলিশের পাহারায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পটিয়ায় আনা হয় আইয়ুব বাবুলকে। রাত সাড়ে ৯টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ভিডিওতে দেখা যায়, জানাজার সময় আইয়ুব বাবুলের এক হাতে হাতকড়া ছিল।

জানাজায় আইয়ুব বাবুল তার মায়ের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান। জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি মায়ের সেবা করতে পারিনি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ।’

এ বিষয়ে আইয়ুব বাবুলের স্ত্রী চাঁদ সুলতানা বলেন, জানাজায় অংশ নেওয়ার পর বাড়িতে এসে ভাত খেয়েছেন আইয়ুব বাবুল। এরপর তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আইয়ুব বাবুলের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে। ২০২৫ সালের ২৯ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন তিনি।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, প্যারোলে মুক্তি পাওয়া ওই আওয়ামী লীগ নেতা পুলিশের পাহারায় জানাজায় অংশ নিয়েছেন। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।