BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫০
আজকের সর্বশেষ সবখবর

জুড়ীতে বজ্রপাতে ১৪ গরু-মহিষের মৃত্যু


জুন ৪, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের জুড়ীতে বজ্রপাতে ছয় চা শ্রমিক পরিবারের ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চা শ্রমিক পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কুচাই চা বাগানে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ চা শ্রমিকদের পুনর্বাসনে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বজ্রসহ বৃষ্টির মধ্যে কুচাই চা বাগানের ছয় শ্রমিকের গরু ও মহিষ কুচাই জালাই ও পাথরটিলা নামক স্থানে ঘাস খাচ্ছিল। হঠাৎ একই সময়ে দুটি স্থানে বজ্রপাত ঘটে। এতে কুচাই জালাই নামক স্থানে চা শ্রমিক বুধু লালের দুটি, চিনি লালের একটি, রবি মোহনের তিনটি, রাজন কুর্মীর তিনটি, কালাচানের দুটি ও মকরো গোয়ালার একটিসহ ১৩ গরু এবং পাথরটিলা এলাকায় বিরসা নামক চা শ্রমিকের একটি মহিষ মারা যায়। বজ্রপাতে গবাদিপশু গুলোর মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছে ছয়টি চা শ্রমিক পরিবার। নিহত গবাদিপশু গুলোই ছিল তাদের পরিবারের আয়ের অন্যতম উৎস। এক মুহূর্তেই জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন হারিয়ে এসব পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জানান, বজ্রপাতে ছয় চা শ্রমিক পরিবারের ১৩টি গরু ও একটি মহিষ মারা যাওয়ার খবর পেয়েই তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন। ঘটনাটি তাৎক্ষণিক স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করলে তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।