BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৫
আজকের সর্বশেষ সবখবর

সত্যিকারের ভালোবাসা নাকি প্রেমের নাটক? বুঝবেন যেভাবে


এপ্রিল ২৬, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কথায় বলে মানুষ চেনা অনেক কঠিন। কাউকে চিনতে একটা আস্ত জীবনও কম পড়ে যায়। যাকে জীবনের সবটা ভেবে আঁকড়ে ধরা হয়, একটা সময়ের পর দেখা যায় সেই সব থেকে বড় আঘাতের কারণ হয়ে দাঁড়ায়। সেটা প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও।

কারণ, আমরা যাকে খাঁটি ভালোবাসা ভাবি, সবসময় কিন্তু সেটি খাঁটি হয় না। অনেকক্ষেত্রেই দেখা যায়, স্বার্থ পূরণের জন্য কেউ কেউ জীবনের অংশ হয়ে ওঠে। স্বার্থ ফুরালেই সে জীবন থেকে চলে যায় আর পাওয়া যায় না তাকে।

আসলে খালি চোখে আমরা কাউকে ভালো লাগলেই তা ভালোবাসা বলে ধরে নিই। কিন্তু আসলে সেটি কেবল ভুল ধারণা। দেখা যায়- জীবনে চলার পথে কেউ কেউ সঙ্গী হয়ে ওঠে শুধু অর্থ, সামাজিক সম্মানের লোভে। যতক্ষণ আপনি এগুলো তাকে দিতে পারছেন, ততক্ষণ সব ঠিকঠাক। কিন্তু আপনি বিপদে পড়লেই প্রকাশ্যে চলে আসে আসল বিষয়।

তাই সম্পর্কে জড়ানোর আগে বা থাকাকালীন সময়ে বুঝে নেওয়া প্রয়োজন আপনার পছন্দের মানুষটা সত্যিই কি আপনাকে ভালোবাসে, সঙ্গ চায় নাকি আপনার পকেট ভর্তি টাকার প্রতি লোভ করেন তিনি।

চলুন জেনে নিই- কীভাবে বুঝবেন জীবনসঙ্গী সত্যিই আপনাকে ভালোবাসে নাকি আপনার অর্থকে?

১. নতুন কারও সঙ্গে পরিচয় হলে সে আপনার কাজ নিয়ে আগ্রহ প্রকাশ করবেন, এটা খুব স্বাভাবিক। আয়ের বিষয়ে তার ধারণা পেতে চাওয়াও অপরাধ নয়। তবে সেটির একটা সীমা থাকা উচিত। বেতন নিয়ে অতিরিক্ত আগ্রহ প্রকাশ কিন্তু নেতিবাচক প্রবণতা।

২. বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই ২ জনই পেশাজীবী হন। সেক্ষেত্রে খরচও অর্ধেক অর্ধেক হওয়াই কাম্য। সম্পর্কের ক্ষেত্রে সবসময় ৫০-৫০ নীতি সম্ভব নয়। তবে দেখবেন সবসময় আপনিই খরচ করছেন, তা যেন না হয়। এটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়।

৩. জীবনসঙ্গীকে দামি দামি উপহার দিলে, তার পিছনে টাকা খরচ করলে- তবেই কি আপনার প্রতি তার আচরণ বদলায়? অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করে সে? কিন্তু কোনও কারণে খরচ করতে না পারলেই কি বদলে যায় তার আচরণ? মানসিক দূরত্ব তৈরি করে? আপনার উপর চাপ সৃষ্টি করে? তাহলে কিন্তু এটা স্পষ্ট যে- আপনার জীবনসঙ্গীর ভালোবাসা নির্ভর করে আপনার টাকার ওপরই।

৪. হয়তো দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন। ঘুরছেন-ফিরছেন, দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছেন। কিন্তু বিয়ের কথা বললেই পিছিয়ে যাচ্ছে সে, তাহলে বুঝে নিন ভালোবাসা নয়, সুবিধা পেতেই আপনার সঙ্গে রয়েছে সে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।