BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪৪
আজকের সর্বশেষ সবখবর

৯ উইকেট নিয়ে ব্রাজিল পেসারের বিশ্বরেকর্ড


এপ্রিল ৯, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

অবিশ্বাস্য! একাই ৯ উইকেট! তাও আবার টি–টুয়েন্টি ক্রিকেটে। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে এমন অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো।

নারী বা পুরুষ—যেকোনো আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে ৯ উইকেট নেওয়ার প্রথম ঘটনা এটি। আজ কালাহারি নারী টি–টুয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে এই নতুন ইতিহাস লিখেছেন তিনি।

নারী টি–টুয়েন্টিতে এর আগে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়েই ৭ উইকেট নিয়েছিলেন তিনি। আর ছেলে ও মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এত দিন সবার ওপরে ছিল ভুটানের স্পিনার সোনম ইয়েশের নাম। ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

লেসোথোর বিপক্ষে লরা কারদোসো ৩ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় নেন ৯ উইকেট। ম্যাচে আগে ব্যাট করে ২০২ রানের বিশাল পাহাড় গড়েছিল ব্রাজিল। তাড়া করতে নামা লেসোথোর ইনিংসে একাই ধস নামান কারদোসো।

দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক দিয়ে শুরু করেন। এরপর চতুর্থ ওভারে নেন আরও ৪ উইকেট। ষষ্ঠ ওভারে আরও ২ উইকেট নিয়ে পূর্ণ করেন নিজের ৯ উইকেট। দশ নম্বর উইকেটটিও হয়ে পেয়ে যেতেন, তবে মারিয়ান আর্তুর লেসোথোর শেষ উইকেটটি নিলে কারদোসোর আর সেই সুযোগ মেলেনি।

কারদোসোর তোপে ৬.২ ওভারে মাত্র ১৩ রানেই অলআউট হয় লেসোথো। ১৮৯ রানের বিশাল জয় পায় ব্রাজিল। ৬ দল নিয়ে হওয়া কালাহারি নারী টি–টুয়েন্টি টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে বতসোয়ানায়। এই টুর্নামেন্টে ব্রাজিল, বতসোয়ানা ও লেসোথো ছাড়াও খেলছে মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিকের নারী দল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।