BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১১
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে মারা গেছেন তিন বাংলাদেশি


জানুয়ারি ১৪, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

জমির হোসেন, ইতালি থেকে : ইতালির মিলানে মোহাম্মদ ইসমাইল হোসেন (৩১) নামে এক বাংলাদেশি মারা গেছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে স্থানীয় একটি হাসপাতালে লিভার জনিত রোগ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইসমাইল হোসেনের বাবার নাম আবদুল মান্নান। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়।

এ বিষয়ে মিলানের কনসাল (শ্রম) সাব্বির আহমেদ জানান, ইসমাইল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মারা যান। তিনি একজন সাবেক শিক্ষার্থী।

আরেক সাবেক শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী প্রকৌশলী ফিরোজের ভাষ্যমতে, তিনি ১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। মৃত্যুর আগে ইসমাইল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

সাব্বির আহমেদ জানান, মিলান কনসুলেট অফিস বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। যত দ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করবে মিলান কনস্যুলেট অফিস।

তিনি আরও বলেন, দুঃখের সঙ্গে বলতে হয় গত কয়েকদিনের ব্যবধানে আরও দুজন মারা গেছেন। তার মধ্যে একজন নারী রয়েছেন, তার নাম কামরুন নাহার বকথ (৪২)। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্বামী শাহীন আহমেদ। তার বাড়ি সিলেট জেলায়। আরেক প্রবাসী বাংলাদেশি মাহবুব আহমেদ সৈকত (৪৪), তিনি বলনিয়া শহরে বসবাস করতেন। তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাবার নাম খোরশেদ আলম। সৈকতের বাড়ি নারায়ণগঞ্জ সদরের তামাক পট্টি এলাকায়।

এদিকে, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মিলান বাংলাদেশ কমিউনিটির পক্ষে শোক প্রকাশ করেছেন ইতালির মিলান প্রবাসী বাংলাদেশি মামুন হাওলাদার।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।