BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৩
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ


অক্টোবর ১০, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় ছিনতাইকারীদের হামলায় এক পুলিশ পরিদর্শক আহত হওয়ার পর রাতে একা চলাচল না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।

শুক্রবার ভোররাতে বিশেষ অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের হামলায় আহত হন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। এ সময় তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

এ ঘটনায় বিশেষ অভিযানে অংশ নেওয়া ও দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে চিঠি দিয়েছে খুলনা জেলা পুলিশ।

চিঠিতে বলা হয়, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। ইদানীং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাতে একাকী চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক সমকালকে বলেন, সন্ত্রাস দমনে চারটি উপজেলায় বিশেষ অভিযান চলছে। অভিযান শেষে রাতে নদী পার হয়ে খুলনা মহানগরীর পুলিশ ক্লাবে যাচ্ছিলেন শাহ আলম। তিনি সাদা পোশাকে থাকায় ছিনতাইকারীরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

তিনি আরও বলেন, এ ঘটনার পর অন্য পুলিশ সদস্যদের সতর্ক করতে চিঠি দেওয়া হয়েছে। যেকোনো অভিযানের আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। অসতর্কভাবে চলাচলের কারণে এ ঘটনা ঘটেছে। সতর্ক করতে মৌখিক নির্দেশনার পাশাপাশি চিঠিও দেওয়া হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।