BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৭
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি শ্রমিক আটক


জুন ১৭, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে : মালয়েশিয়ায় একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ৬৪ বাংলাদেশিসহ ৯০ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির কুয়ালালামপুর সিটি হলসহ (ডিবিকেএল) বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে কুয়ালালামপুরের চেরাসের তামান মুতিয়ারা বারাতে একটি নির্মাণ সাইটে ডিবিকেএলসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ইন্টিগ্রেটেড অপারেশন চালিয়ে তাদের আটক করে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জিআইএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনিং করপোরেশন (এসডব্লিউকর্প) এবং মালয়েশিয়ান ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ (ডিওএসএইচ) এর সহযোগিতায় এই অভিযান চালানো হয়। আটক হওয়া শ্রমিকদের মধ্যে বাংলাদেশের ৬৪, ভারতের ১৪, মিয়ানমারের ৬ ও পাকিস্তানের ৬ নাগরিক রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, আটক এসব শ্রমিকের কোনো বৈধ কাগজপত্র ছিল না।

এদিকে, বিদেশি শ্রমিকদের আটকের পর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাঠামো নির্মাণ ও নির্মাণ সাইটটির নোংরা পরিবেশের কারণে বন্ধ করে দিয়েছে ডিবিকেএল। ডিবিকেএল এক বিবৃতিতে বলেছে, রাস্তা, ড্রেন এবং বিল্ডিং আইন ১৯৭৪ এর ৭০ ধারা অনুযায়ী নির্মাণ সাইটটি বন্ধ করে নির্মাণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

কুয়ালালামপুর ফেডারেল টেরিটরিজুড়ে (ডব্লিউপিকেএল) সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী, সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবিকেএল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।