BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৯
আজকের সর্বশেষ সবখবর

প্রথম বাংলাদেশি হিসেবে স্পটিফাইয়ে আমন্ত্রিত জুনায়েদ ইভান


নভেম্বর ১৭, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে আমন্ত্রিত হলেন জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের শিল্পী জুনায়েদ ইভান। বুধবার দুবাইয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন ইভান।

এ সময় উষ্ণ অভ্যর্থনায় কার্যালয় পরিদর্শনের পাশাপাশি তার সংগীতজীবনের নানা দিক নিয়েও আলোচনা হয়। স্পটিফাইয়ের স্টুডিওতে লাইভ গান করেন ইভান।

নির্মাণ করা হয় একটি বিশেষ প্রমোশনাল কন্টেন্ট। শুধু তা-ই নয়, অ্যাশেজের সঙ্গে বছরব্যাপী নতুন কিছু চমক লাগা প্রজেক্টও করতে আগ্রহী হয় স্পটিফাই।
দুবাইয়ে স্পটিফাই কার্যালয়ে ইভানকে সঙ্গ দেন স্পটিফাইয়ে প্রথম দুই বাংলাদেশি হিসেবে কর্মরত আর্টিস্ট অ্যান্ড লেবেল পার্টনারশিপ কো-অর্ডিনেটর মো. একরামুজ্জামান একরাম ও এডিটরিয়াল কো-অর্ডিনেটর মীর রাসেল আহমেদ।

দুবাই থেকে ইভান বলেন, ‘সম্প্রতি আমার ব্যান্ড ম্যানেজারের সাথে যোগাযোগ করে স্পটিফাই কর্তৃপক্ষ। সে সূত্রেই দুবাইয়ে তাদের আমন্ত্রণে আসা। দারুণ একটা সময় কেটেছে। বাংলাদেশে স্পটিফাইয়ের নতুন যাত্রায় প্রথমেই আমাকে সঙ্গী করায় আমি গর্বিত ও আনন্দিত। ’

তিনি বলেন, ‘তাদের সঙ্গে বেশ কিছু চমক লাগা প্রজেক্টে কাজ করতে যাচ্ছি। ২০২৩ সাল জুড়ে আমিসহ বাংলাদেশের শিল্পীদের সাথে কী ধরনের পরিকল্পনা রয়েছে তা নিয়ে জানায় তারা। সেই ধারাবাহিকতায় আমার ব্যান্ড অ্যাশেজের সাথেও পৃথকভাবে কিছু কাজ করতে আগ্রহী তারা। ’

শুধু তা-ই নয়, আসছে নতুন বছর বাংলাদেশের নতুন নতুন মিউজিক্যাল ইভেন্টগুলোতেও সহযোগী হিসেবে যুক্ত হবে স্পটিফাই―‘এটি আমাদের দেশের সংগীতাঙ্গনের জন্য আনন্দের খবর’, যোগ করেন ইভান।

আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশে প্রায় এক বছর হলো যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক এই মিউজিক প্ল্যাটফর্ম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা হয়েছে স্পটিফাই বাংলাদেশের পেজ। দুবাইয়ে অবস্থিত স্পটিফাইয়ের কার্যালয়টির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও সাউথ এশিয়ায় তাদের কার্যক্রম পরিচালিত হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।