যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমাদ-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর যুব জমিয়তের তাৎক্ষণিক এক মতবিনিময় শনিবার (১৭ অক্টোবর) বাদ আসর নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা আফজাল হোসাইন খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির প্রমুখ।
সভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমাদ বলেন, “আদর্শিক সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণ ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুব জমিয়ত বাংলাদেশের প্রতিটি নেতাকর্মীকে নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে সমাজকল্যাণে আত্মনিয়োগ করতে হবে। বর্তমান সময়ে যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে এবং ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে আমাদের সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।
সিলেট মহানগরীর সার্বিক সাংগঠনিক তৎপরতার ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, “সিলেট মহানগর যুব জমিয়তের চমৎকার সাংগঠনিক শৃঙ্খলা ও কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। শত প্রতিকূলতার মাঝেও এখানকার নেতাকর্মীরা যেভাবে সংগঠনকে গতিশীল রেখেছেন, তা অন্যান্য অঞ্চলের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আশা করি, আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে এবং যুব জমিয়তের সাংগঠনিক ভিতকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সিলেট মহানগরীর এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
সভায় সিলেট মহানগর যুব জমিয়তের নেতৃবৃন্দ কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে সিলেটে স্বাগত জানিয়ে বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর যুব জমিয়ত সবসময় রাজপথে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো সাংগঠনিক কর্মসূচি সফল করতে তারা বদ্ধপরিকর।
