বিডিসিলেট ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে। গত শুক্রবার দুবাই বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কনস্যুলেটের কর্মকর্তারা।
অনুষ্ঠানে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনসহ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, লেবার কাউন্সিলর ফাতেমা জাহান ও কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান সংবিধান দিবসের ওপর বিশেষ আলোকপাত করেন।
দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বক্তব্যে বলেন, স্বাধীনতা অর্জনের এক বছরের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান উপহার দেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। সংবিধানের মূলনীতি অনুসরণের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাতির পিতা দেখিয়ে ছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
