BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৮
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে সাফজয়ী অধিনায়ক সাবিনাকে সংবর্ধনা


অক্টোবর ২৭, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে মালদ্বীপে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) ভিউ কনস্ট্রাকশন ও প্রবাসীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের জাতীয় ফুটবল দলের কোচ আলী সুজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি, আলহাজ দুলাল মাতবর, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের আহমেদ ইব্রাহীম, সার্জেন্ট, নিছাম আহমেদ মালদ্বীপ ক্রিকেট দলের বাংলাদেশি কোচ ফাতেমা তুজ জোহরা।

আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার মাতসুসিমা সুমাইয়া, মালদ্বীপের নারী ফুটসাল লিগ ধিবেহি সিফাইং ক্লাবের অধিনায়ক জাহিয়া, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার মালদ্বীপের লোকাল ডাইরেক্টর হান্নান খান কবির, মালদ্বীপ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম রিন্টু।

এ সময় সাবিনা বলেন, মাঠে যখন অনুশীলন করি, মাঝে মধ্যে মনে হয় খেলা থেকে অবসরে যাই। আমাদের অর্জনে দেশের মানুষ যে পরিমাণ আনন্দ পেয়েছে এবং আপনারা যেভাবে প্রবাসের মাটিতেও ভালোবাসা দিচ্ছেন, তখন মনে হয় আমাদের দেশের জন্য আরও অনেক কিছু করার বাকি আছে। যেভাবে মানুষের ভালোবাসা আমরা পেয়েছি, তাতে আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই। এখন আমাদের লক্ষ্য আরও বড়।

মালদ্বীপ প্রবাসী সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে, প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন- দুলাল মাতবর, গাজী সাদেক, শাহজালাল শিকদার।

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত ফুটবল টিমের অধিনায়ক ও খেলোয়াড়সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। উপস্থিত সবাইকে নিয়ে কক কেটে সাবিনার জন্মদিন উদযাপন করে প্রবাসী বাংলাদেশিরা। মধ্যাহ্নভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।