নিজস্ব প্রতিবেদক : সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত এ কর্মবিরতি স্থগিত করা করা হয়েছে।
দিনভর দুর্ভোগের পর রাতে কর্মবিরতি স্থগিত করেছেন পরিবহন শ্রমিকরা। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সাথে বৈঠক শেষে রাত ১০ টায় এমন তথ্য জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।
তিনি বলেন, প্রশাসনের সাথে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী অক্টোবর মাসের ১৫ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাত ৮টায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের সাথে শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত আছেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন ও ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ’র নেতৃবৃন্দ।
বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে আগামী অক্টোবর মাসের ১৫ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।।
প্রসঙ্গত পুলিশের হয়রানি বন্ধসাহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার ভোর থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়।
পাঁচ দফা দাবি হলো- সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও উপ-কমিশনারকে (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করা, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করা, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙাচোরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয় করা গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া।এছাড়া অনুমোদনহীন গাড়ি যেমন- অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিং করা গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।
