BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩২
আজকের সর্বশেষ সবখবর

শিশু নিহতের ঘটনায় পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী


জুলাই ২৮, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় যদি পুলিশের গুলিতে শিশু মারা গিয়ে থাকে, তাহলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৮ জুলাই) মৌলভীবাজারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঠাকুরগাঁওয়ে নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশ গুলি করেছে। সেখানে যে শিশু নিহত হয়েছে, এ ঘটনায় তদন্ত হবে। তদন্তে যদি দেখা যায়, সে পুলিশের গুলিতে মারা গিয়েছে, তাহলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ ও ফলাফল গণনা শেষে দুই পক্ষের উত্তেজনার জেরে সৃষ্ট সহিংসতার ঘটনায় পুলিশের গুলিতে সুরাইয়া আক্তার নামে আট মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভাংবাড়ি ভি.এফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মীরডাঙ্গী গ্রামের ফেরিওয়ালা বাদশা ও মিনারা বেগমের তৃতীয় সন্তান। তাৎক্ষণিকভাবে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।

এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করেন তারা।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি আসলে দুঃখজনক। সুষ্ঠু তদন্তের জন্য আমরা তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। এক সপ্তাহের মধ্যে তারা তদন্ত রিপোর্ট জমা দেবেন।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।