তাহমীদ ইশাদ রিপন (বড়লেখা প্রতিনিধি): মৌলভীবাজারের বড়লেখায় তালিমপুর ইউনিয়ন জাতীয় পার্টি (জাপা) এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
তালিমপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিনকে নির্মমভাবে হত্যা ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬ ঘটিকায় তালিমপুর ইউনিয়নের কানোনগো বাজারে ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জাহিদ উদ্দিনের সভাপতিত্ব ও সদস্য সচিব চাঁন মিয়ার সঞ্চালনায় মানববন্ধন-প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবলুর হোসেন রিয়াজ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জাপা’র যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সারোয়ার, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক ইউপি সদস্য বেলাল আহমদ, মানিক আহমদ, ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সোবহান আহমদ ও কামরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গতঃ গত ৫ জানুয়ারি হেলাল উদ্দিন (৫৫) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।উপজেলার তালিমপুর ইউনিয়নের খুঁটাউরা গ্রামে এই ঘটনাটি ঘটে।নিহত হেলাল ওই গ্রামের মৃত ছখাওত আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য বেলাল আহমদের ভাই।হত্যার ঘটনায় অভিযুক্ত চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
