BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৭
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ভর্তি ফি ও পুনঃ ভর্তি ফি গ্রহণ করা চলবে না


নভেম্বর ২৮, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৪৮তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংগঠনিক কর্মতৎপরতা এবং মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সমসাময়িক বিভিন্ন দুর্ভোগ নিয়ে আলোচনা করা হয়। তন্মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়মিত ঊর্ধ্বগতি নিয়েও আলোচনা করা হয়। সভায় উপস্থিত প্রায় সকলেই শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা উপস্থাপন করে আলোচনা করেন। সবাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ফি উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত ভর্তি ফি ও পুনঃ ভর্তি ফি গ্রহণের বিষয় খুবই হতাশা নিয়ে অভিমত ব্যক্ত করেন। উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বর ২০২৬ সোমবার বেলা ১১.৩০ ঘটিকায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ভর্তি ফি ও পুনঃ ভর্তি ফি উপেক্ষা করে অতিরিক্ত ফি গ্রহণ বন্ধের দাবীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বরাবর (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, শিক্ষা কোনো পণ্য না, শিক্ষা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। অথচ আজ শিক্ষা নিয়ে চলছে রমরমা ব্যবসা। পুনঃভর্তির নামে হাজার হাজার টাকা আদায়, প্রাইভেট স্কুল আর কিন্ডারগার্টেনে অতিরিক্ত বেতন, ভর্তি ফি, সেশন ফি, পরীক্ষার ফি, উন্নয়ন ফি-ফি এর শেষ নাই! গরিব বাবা-মা সন্তানকে স্কুলে পাঠাবে, নাকি ফি এর চিন্তায় রাতে ঘুম হারাম করবেন? আমরা চাই-পুনঃভর্তির নামে টাকা আদায় বন্ধ হোক, প্রাইভেট স্কুলে অতিরিক্ত বেতন বন্ধ হোক, শিক্ষাকে ব্যবসা থেকে মুক্ত করা হোক। আমার সন্তান স্কুলে যাবে, এটা তার অধিকার, কারো দয়া না। কিন্তু আজ স্কুলে ভর্তি করতে গেলে আগে টাকার হিসাব করতে হয়। বিশেষ করে প্রাইভেট স্কুল আর কিন্ডারগার্টেনগুলোতে যেন টাকা আদায়ের মেশিন বসানো হয়েছে। বছরে বছরে বেতন বাড়ে, কিন্তু শিক্ষার মান বাড়ে না। আমরা কি সন্তানদের শিক্ষিত করতে চাই, নাকি শিক্ষা প্রতিষ্ঠানকে ধনী করতে চাই? কারণ শিক্ষা বঞ্চিত শিশু মানেই আগামীর বাংলাদেশ বঞ্চিত। বক্তারা আরো বলেন, স্কুল ও মাদ্রাসার তালিকায় নির্দিষ্ট বইয়ের সহায়িকা, ড্রেস, আনুষাঙ্গিক উপকরণ, নির্দিষ্ট দোকান থেকে কিনতে বাধ্য করা হয়। পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বই ও স্টেশনারী সামগ্রী বিক্রি করা হয় এবং শিক্ষার্থীদের সেখান থেকে বই ও স্টেশনারী কিনতে বাধ্য করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সবধরনের দুর্নীতি বন্ধ এবং সরকার কর্তৃক নির্ধারিত ফি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সভা থেকে জোর দাবী জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি এম এ আলী জালালাবাদী, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, সোহেল আলী, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সদস্য মোঃ জুয়েল মিয়া, মোঃ সাগর, নেতৃবৃন্দদের মধ্য থেকে সেতু রঞ্জন সরকার, নিখিলেশ তালুকদার, অজিত বিশ্বাস, মোঃ আফজাল হোসেন উজ্জল, সাদ্দাম হোসেন, শাহেদ মিয়া, মুজাহিদ আহমদ, শ্রীকান্ত দাস, হরিমোহন রায়, সালাউদ্দিন ও ছলিমনূর।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।