BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪২
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটেনে ট্রেনে উচ্চস্বরে গান বাজালে ‘১০০০ পাউন্ড জরিমানা’


অক্টোবর ১৯, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ব্রিটেনে ট্রেনে উচ্চস্বরে গান বাজানো বা ভিডিও দেখা যাত্রীদের সর্বোচ্চ ১০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। সমাজবিরোধী আচরণ বন্ধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, রেল কোম্পানিগুলো উচ্চস্বরে কথা বলা বা উচ্চ শব্দ সৃষ্টিকারী যাত্রীদের সতর্ক করতে এ ঘোষণা প্রচার করবে, তাদের হেডফোন ব্যবহার করার কথা মনে করিয়ে দেবে আর না শুনলে পরের স্টেশনেই ট্রেন থেকে নামিয়ে দেবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, “অবিবেচক ভ্রমণকারীদের সামলানো গেলে তা আমাদের সবার জন্যই ভ্রমণকে আর একটু ভালো করতে তুলতে সাহায্য করবে।”

বার্নহ্যাম সোমবার এ বিষয়ে সরকার সমর্থিত একটি প্রচারণার সূচনা করবেন। এই প্রচারণায় যাত্রীদের আহ্বান জানানো হবে, “বগি ভাগ করে নিন, কিন্তু কোলাহল নয়।”

রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রেট ব্রিটিশ রেলওয়েসহ ট্রেন কোম্পানিগুলো পুরো নেটওয়ার্কজুড়ে এ নিয়ে নোটিশ দেবে আর তাতে সতর্ক করা থাকবে যে, গান বাজানো একটি অপরাধ হতে পারে।

নিয়ম ভঙ্গকারী যাত্রীদের হেডফোন ব্যবহার করতে অনুরোধ করার জন্য রেলকর্মীদের উৎসাহিত করা হবে। কিন্তু তারা যদি মানতে রাজি না হয় তবে তাদের জানানো হবে, তাদের পরবর্তী স্টেশনে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে আর সর্বোচ্চ ১০০০ পাউন্ড পর্যন্ত দণ্ডের মুখোমুখি হতে হবে।

কোনো যাত্রী নির্দেশ মেনে চলতে অস্বীকার করলে প্রাথমিকভাবে ট্রেনের রক্ষীরা ব্যবস্থা নেবেন আর পরে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

বাসের জন্যও একই ধরনের পৃথক পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে উচ্চস্বরে গান বাজানোর জন্য পুলিশ যাত্রীদের ১০০ পাউন্ড জরিমানা করতে পারবে।

চালকদের ওপর এসব নিয়ম কার্যকর করার দায়িত্ব থাকবে না। তবে কোনো ঘটনা ঘটলে তারা পরিবহন নিরাপত্তা কর্মকর্তা ও পুলিশকে ডেকে আনতে পারবেন।

বানহ্যাম বলেছেন, “আমরা সবাই এমন পরিস্থিতিতে পড়েছি যখন ট্রেনে কেউ একজন তার ফোন থেকে উচ্চস্বরে গান বা ভিডিও বাজাতে শুরু করে। এটি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় আর মুহূর্তের মধ্যে পুরো যাত্রাটাই মাটি হয়ে যেতে পারে।

“তাই আমরা দেশব্যাপী একটি প্রচারণা শুরু করছি, যার মাধ্যমে যাত্রীদের ট্রেনে হেডফোন ব্যবহারের কথা মনে করিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি বাসে উচ্চস্বরে গান বাজানো, ভেপিং (ইলেকট্রনিক সিগারেট) ও যেখানে সেখানে আবর্জনা ফেলার মতো বিষয়গুলো মোকাবেলা করার জন্য আমরা স্থানীয় নেতাদের নতুন ক্ষমতা দিচ্ছি। এটি সাধারণ একটি বিষয় হলেও এ পদক্ষেপ আমাদের সবার ভ্রমণকে আরেকটু সহজ করে তুলবে।”

রেল ও বাস কোম্পানিগুলো তাদের পরিষেবাগুলোর পাশাপাশি তাদের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে এই প্রচারণাকে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।