BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩০
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু


আগস্ট ৭, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে গোসল করতে গিয়ে আলী আকবর খান (৭২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গুয়ার হাওরের প্রবেশমুখ ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী আকবর খান সিরাজগঞ্জ সদর উপজেলার গুণেরগাতি গ্রামের মৃত আহমেদ আলী খানের ছেলে। তিনি সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির বি-১ ব্লকে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

নিহতের সঙ্গে আসা পর্যটক আনিসুর রহমান জানান, আলী আকবর হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেলে তিনি ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় করচ গাছ ধরে গোসল করছিলেন।

একপর্যায়ে গাছ থেকে তার হাত ফসকে গেলে পানিতে তলিয়ে যেতে থাকেন। সঙ্গে থাকা অন্য পর্যটকেরা তাকে উদ্ধার করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ঘাট থেকে একটি নৌকায় ৩২ জন পর্যটক টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। তাদের মধ্যে আলী আকবর খান, তার স্ত্রী, মেয়ে ও জামাতাও ছিলেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমদ বলেন, বিকেল ৫টার দিকে আলী আকবর খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। স্বজনদের কাছ থেকে জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওয়াচ টাওয়ার এলাকায় একটি গাছ ধরে গোসল করার সময় গাছ থেকে হাত ফসকে আলী আকবর পানিতে তলিয়ে যান। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।