BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৭
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে অপহরণ, সিলেটে তরুণ গ্রেফতার


আগস্ট ৩, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

যশোরের বাঘারপাড়া থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের মামলার প্রধান আসামি আব্দুল্লাহ ইফাদকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। একই সঙ্গে ওই স্কুল ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, ভিকটিম যশোরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্তের সঙ্গে তার কথাবার্তা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ৭ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ভিকটিম বিদ্যালয়ে যাওয়ার পর আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বিদ্যালয়ে যাওয়ার পথে চন্ডিপুর মাদ্রাসা মোড়ে পৌঁছালে বিয়ের প্রলোভন দেখিয়ে পূর্বপরিকল্পিতভাবে আব্দুল্লাহ ইফাদ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন সহযোগীর সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে বাঘারপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববা রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেট নগরের শাহজালাল মাজার গেইট এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল্লাহ ইফাদ (২০) কে গ্রেপ্তার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। ইফাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।