BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৩
আজকের সর্বশেষ সবখবর

কোপেনহেগেনে বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্য নিহত


জুলাই ৪, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ফিফা বিশ্বকাপ উপলক্ষে স্থাপিত ফ্যান জোনে হামলার শিকার হয়ে ছুটিতে থাকা এক সুইডিশ পুলিশ সদস্য মারা গেছেন।

মঙ্গলবার (৩০ জুন) রাতে কোপেনহেগেনের আইসল্যান্ডস ব্রিগে এলাকায় বড় পর্দায় খেলা দেখার সময় এ হামলার ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তিনি সুইডিশ পুলিশের সদস্য হিসেবে কর্মরত থাকলেও ঘটনার সময় ব্যক্তিগত ছুটিতে ছিলেন বলে জানা গেছে। সুইডিশ পুলিশ অ্যাসোসিয়েশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সংগঠনটির সভাপতি ক্যাথারিনা ফন সিডো এক বিবৃতিতে বলেন, ‌কোপেনহেগেনে ছুটিতে থাকা অবস্থায় গুরুতর হামলার শিকার হয়ে আমাদের এক সহকর্মীর মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাই।

এ ঘটনার পর নিহত পুলিশ সদস্যের কর্মস্থলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ডেনিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনার দিন বড় পর্দায় নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ দেখানো হচ্ছিল। গোল উদযাপনকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে এক ব্যক্তি ওই সুইডিশ সমর্থককে ঘুসি মারেন। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর পুলিশ সন্দেহভাজনের ছবি প্রকাশ করলে শুক্রবার সকালে ত্রিশোর্ধ্ব এক ব্যক্তি আত্মসমর্পণ করেন। পরে ড্যানিশ আদালত তাকে ২৬ দিনের জন্য রিমান্ডে পাঠিয়েছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

এ ঘটনার পর কোপেনহেগেনের আইসল্যান্ডস ব্রিগে বিশ্বকাপ ফ্যান জোনের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কোপেনহেগেন সিটির শিশু ও যুববিষয়ক মেয়র ইয়াকব নেসাগার গত এক সপ্তাহে একই স্থানে দুটি সহিংস ঘটনার পর জনসমাগমে বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শন বন্ধের আহ্বান জানিয়েছেন।

তবে সংস্কৃতিবিষয়ক মেয়র ক্রিস্টোফার রোল এ প্রস্তাবের বিরোধিতা করে বলেছেন, সমস্যার কারণ অনুষ্ঠান নয়, বরং সহিংসতায় জড়িত ব্যক্তিরা। তিনি নিরাপত্তা আরও জোরদার করে আয়োজন চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন।

এদিকে, আয়োজক প্রতিষ্ঠান ফোদবোল্ডসফেস্টেন জানিয়েছে, পরবর্তী ম্যাচগুলোতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ, প্রবেশপথে কঠোর তল্লাশি, বডি ক্যামেরা ব্যবহার এবং নজরদারি ক্যামেরা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেন দর্শকরা নিরাপদ পরিবেশে বিশ্বকাপ উপভোগ করতে পারেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।