BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৯
আজকের সর্বশেষ সবখবর

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত


জুন ৪, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

গতকাল বুধবার (৩ জুন) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক সংকটের প্রভাবে সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সর্বশেষ হামলায় চার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন।

দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে কুয়েত সরকার বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, রকেট বা ড্রোন হামলা এবং তা প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা বা ভিডিও ধারণ করা দেশটির আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ কারণে বাংলাদেশি প্রবাসীদের কুয়েতের আইন মেনে চলা এবং এ ধরনের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
হতাহত বৃদ্ধির কারণে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এ পরিস্থিতিতে রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের দ্রুত কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করার এবং অন্যদেরও উৎসাহিত করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস বলেছে, বর্তমান পরিস্থিতিতে সকল প্রবাসী বাংলাদেশিকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে, যাতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।