নতুন মৌসুমকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে বার্সেলোনা। আক্রমণভাগে পরিবর্তনের সম্ভাবনার মধ্যেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে নজরে রেখেছে কাতালান ক্লাবটি।
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ট্রিবুনার প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো আগামী দিনগুলোতে সম্ভাব্য গ্রীষ্মকালীন দলবদল নিয়ে আলোচনা করতে জোয়াও পেদ্রোর এজেন্টদের সঙ্গে দেখা করতে লন্ডনে গেছেন।
তরুণ, গতিময় এবং বহুমুখী আক্রমণভাগের খেলোয়াড় খোঁজার লক্ষ্যেই পেদ্রোকে শর্টলিস্ট করা হয়েছে। যদিও এর আগে অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের নাম উঠে এসেছিল বিভিন্ন খবরে।
এদিকে, কোচ হ্যান্সি ফ্লিকও আক্রমণভাগে নতুন বিকল্প চান, যাতে স্কোয়াডে গভীরতা বাড়ে এবং মৌসুমজুড়ে ধারাবাহিকতা বজায় রাখা যায়।
গেল বছর ক্লাব বিশ্বকাপের আগে ইংলিশ ক্লাব ব্রাইটন থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেয় পেদ্রো। যোগ দিয়েই ক্লাব বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে সবার নজর কাড়েন তিনি।
এরপর এই মৌসুমে চেলসির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে মাঠে নেমে ২৬ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন।
