হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ওষুধ ও ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় পণ্যের একটি বড় চালান ট্রাকযোগে পাচার হচ্ছে- এমন গোপন সংবাদ পায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এরই প্রেক্ষিতে বেলা ১২টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির একটি বিশেষ দল অবস্থান নেয়। সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে সেটি থামানো হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধ ও ফুচকা উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ২০ হাজার টাকা।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জব্দ করা এসব অবৈধ পণ্য ও ট্রাক কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
