BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৬
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প


ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। অভিনন্দন বার্তায় পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।’

এক্স-পোস্টটিতে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা চিঠিও যুক্ত করা হয়েছে। এতে লেখা ছিল, ‘নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য আপনাকে (তারেক রহমান) আমেরিকার জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রীর সফল মেয়াদ কামনা করছি।’

চিঠিতে লেখা হয়েছে, ‘দুই দেশের মধ্যকার অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।’ সম্প্রতি হওয়া পারস্পরিক বাণিজ্য চুক্তির প্রসঙ্গও চিঠিতে আছে। চুক্তি বাস্তবায়ন হলে বাণিজ্যিক সম্পর্কের গতি বজায় থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এ চুক্তিকে উভয় দেশের শ্রমিক ও কৃষকদের জন্য কল্যাণকর হিসেবেও উল্লেখ করা হয়েছে।

নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়েছে, ‘এর মাধ্যমে আপনার (তারেক রহমান) সামরিক বাহিনী উচ্চমানের মার্কিন সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।’ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করতেও তারেক রহমানের সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।