আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাবে তরনতারন জেলায় এক আইনের শিক্ষার্থীর গুলিতে সহপাঠী এক ছাত্রীর মৃত্যু হয়েছে। পরে অভিযুক্ত একই অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
এ ঘটনাটি কলেজের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।
নিহত ছাত্রীর নাম সন্দীপ কৌর। তিনি নৌশেহরা পান্নুয়ান এলাকার বাসিন্দা।
অভিযুক্ত প্রিন্স রাজ জালন্ধর জেলার মাল্লিয়ান গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, দুজনই তরনতারনের উসমা গ্রামের একটি আইন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল প্রায় ৯টা ১৫ মিনিটে প্রিন্স রাজ শ্রেণিকক্ষে প্রবেশ করে সন্দীপ কৌরের পাশ দিয়ে হেঁটে যান। কোনো এক পর্যায়ে কৌর শ্রেণিকক্ষ থেকে বের হয়ে গেলে রাজ তাকে অনুসরণ করেন। এ সময় আরেক সহপাঠী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
পরে তারা শ্রেণিকক্ষের পেছনের দিকে বসেন। কিছুক্ষণ পর প্রিন্স রাজ ব্যাগ থেকে একটি পিস্তল বের করে হঠাৎ করে সন্দীপ কৌরকে লক্ষ্য করে গুলি চালান। এরপর কয়েক পা এগিয়ে গিয়ে সে নিজেকেও গুলি করেন।
ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত শ্রেণিকক্ষ ত্যাগ করেন। আহত অবস্থায় প্রিন্স রাজকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে। বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। -এনডিটিভি
