বিডি সিলেট ডেস্ক::- নেত্রকোনায় আওয়ামী লীগের ১৫ জন সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা নিরঞ্জন সরকারের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ জেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
বিএনপিতে সদ্য যোগদানকারী নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নেতৃত্ব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, বিএনপির নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রগতি আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন,
“তারেক রহমানের আহ্বানে যারা আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ’২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। একাত্তরের চেতনায় বিশ্বাসী হয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দেশের এই সংকটময় সময়ে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানটি নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
