বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে শুরু হয়েছে প্লে-অফের রোমাঞ্চ। মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স।
বাঁচা-মরার এই লড়াইয়ে টস-ভাগ্য সহায় হয়েছে সিলেটের। টস জিতে সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে দুপুর ১টায় শুরু হওয়া এই ম্যাচে আগে ব্যাট করতে নেমেছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, এলিমিনেটর ম্যাচটি দুই দলের জন্যই ‘ডু অর ডাই’বা বাঁচা-মরার লড়াই।
আজকের জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকবে। তারা আগামীকাল (২১ জানুয়ারি) সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের (চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স) পরাজিত দলের বিপক্ষে।
পয়েন্ট টেবিলের লড়াইয়ে বেশ প্রতিদ্বন্দ্বিতা করে প্লে-অফে জায়গা করে নিয়েছে এই দুই দল। রংপুর রাইডার্স ১০ ম্যাচে ছয় জয় নিয়ে ১২ পয়েন্ট অর্জন করে টেবিলের তৃতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করে। অন্যদিকে, পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ দল হিসেবে শেষ চারে জায়গা করে নেয় সিলেট টাইটান্স।
