BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৫
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীবেশে সিএনজি ব্যবহার করে ছিনতাই: ৩ জন গ্রেফতার, সিএনজি উদ্ধার


জানুয়ারি ১২, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক::– সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার অন্তর্গত সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস অভিযানে যাত্রীবেশে সিএনজি অটোরিক্সা ব্যবহার করে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সাও উদ্ধার করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) নগরীর সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নিঃ/শিপলু চৌধুরীর নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্স শাহপরাণ (রহঃ) থানাধীন নূরপুর এলাকার শহিদুর রহমানের গ্যারেজে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ে ব্যবহৃত “নাঈম এন্ড হাদী” নামীয় সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং- সিলেট-থ-১২-৬৮৬২) উদ্ধার করা হয়।
পরবর্তীতে সিএনজির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন বিআইডিসি এলাকা থেকে সিএনজির চালক জাহিদুল ইসলাম নাজিম (২৪)-কে গ্রেফতার করা হয়। তার পিতা সেলিম মিয়া ও মাতা দিলোয়ারা বেগম। তার বাড়ি ওসমানীনগর থানাধীন কাশিরকাপন (তাজপুর), জেলা সিলেট।

এছাড়াও একই থানার দলইপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ফয়সল আহমদ (২৫) ও হৃদয় খান (২৩)-কে। তারা দু’জনই মৃত জামাল খানের পুত্র এবং আম্বিয়া বেগমের সন্তান। তাদের স্থায়ী ঠিকানা শাহপরাণ (রহঃ) থানাধীন পীরেরবাজার (কেওয়া আটগাঁও), জেলা সিলেট।

পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি ২০২৬ খ্রিঃ দুপুরে সাদেকুর রহমান নামে এক পুলিশ সদস্য কোতোয়ালী মডেল থানাধীন মেন্দিবাগ পয়েন্ট থেকে বন্দরবাজারগামী উক্ত সিএনজিতে ওঠেন। নাইওরপুলের দারাজ অফিসের সামনে পৌঁছালে সিএনজিতে থাকা ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে তার গলায় ভয়ভীতি প্রদর্শন করে প্যান্টের পকেট থেকে তার ছোট বোনের বিবাহের জন্য রাখা নগদ ২ লক্ষ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এরপর তাকে সিএনজি থেকে নামিয়ে দিয়ে দ্রুত সোবহানীঘাটের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১৫, তারিখ-১১/০১/২০২৬ ইং, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী-২০১৯) এর আওতায় মামলা রুজু করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী ফয়সল আহমদের বিরুদ্ধে পূর্বে ডাকাতির মামলা রয়েছে (কোতোয়ালী থানার মামলা নং-৬৬/৫৭০, তারিখ-২৬/১১/২০২৫ ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড)।

গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।