BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৩
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জলমহাল নিয়ে রক্ত ঝরছেই


ডিসেম্বর ৯, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের হাওর অধ্যুষিত লাখাই উপজেলায় জলমহালের দখল নিয়ে সংঘাত বাড়ছে আশঙ্কাজনক হারে। গত এক বছরে ছোট্ট এই উপজেলায় শুধু জলমহাল নিয়েই ঘটেছে অন্তত তিনটি রক্তক্ষয়ী সংঘর্ষ।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে জলমহাল ইজারা নিয়ে মাছ চাষে সমৃদ্ধ অর্জনের লক্ষ্য ব্যাহত হচ্ছে। মহাল ইজারা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন পুলিশ কনস্টেবল প্রণয় দাস, স্থানীয় বাসিন্দা তাহের মিয়া, সাগর মিয়া, ইব্রাহিম মিয়া, তাজউদ্দিন, মিরাজ মিয়া, রশিদ মিয়া, জাহাঙ্গীর মিয়া, জামাল মিয়া প্রমুখ।

এসব সংঘর্ষের মধ্যে সর্বশেষ ঘটনা ঘটেছে গতকাল সোমবার। লাখাইয়ের ধলেশ্বরীর কাইঞ্জার বিলের দখল নিয়ে স্থানীয় দুটি মৎস্য সমিতির লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিন দুপক্ষের মধ্যে চার দফা সংঘর্ষের ঘটনায় গোটা উপজেলা উত্তপ্ত হয়ে ওঠে। রক্তক্ষয়ী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তব্য পালনকালে আহত হয়েছেন পুলিশের এক সদস্য।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে গয়ে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা দুপুর ১টার দিকে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ধলেশ্বরী কাইঞ্জার বিলের দখল নিয়ে শিবপুর গ্রামের হারিছ মিয়ার নেতৃত্বে জনকল্যাণ সমবায় সমিতি এবং সন্তোষপুরের ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপমের নেতৃত্বে আনন্দময়ী মৎস্যজীবী সমিতির লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিলটি নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলমান। এর আগে তিনবার একই ইস্যুতে সংঘর্ষে জড়ায় তারা।

হারিছ ও রুপম স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত হওয়া গেছে।

চলতি বছরের ৯ জানুয়ারি রাতে লাখাইয়ের এই দুটি পক্ষ জলমহালের দখল নিয়ে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ায়। ৩ ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে নারী-শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছিলেন।

সেদিন সন্ধ্যা ৬টার দিকে উপজেলার স্বজনগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। যা চলে রাত ৯টা পর্যন্ত। এতে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জানা যায়, কাইঞ্জার বিল দখল নিয়ে ১ নম্বর লাখাই ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আরিফ আহমেদ রুপম ও ইউনিয়ন বিএনপি নেতা হারিছ মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম জানান, তাদের জলমহালে প্রতিপক্ষের লোকজন জোর করে মাছ ধরতে এলে তারা বাধা দেন। এ নিয়ে সংঘর্ষ শুরু হয়।

অন্যদিকে বিএনপি নেতা হারিছ মিয়া জানান, এই জলমহাল নিয়ে এলাকায় বিভক্তি রয়েছে। এলাকাবাসী মাছ ধরতে গেলে চেয়ারম্যানের লোকজন তাদের ওপর হামলা চালায়।

এর আগে ২০২৪ সালের ১৪ নভেম্বর জলমহালের দখল নিয়ে বিবদমান দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে শতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর অবস্থায় অন্তত ৫০ জনকে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামের বর্তমান ইউপি সদস্য আইয়ুব আলী ও একই গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে স্থানীয় একটি মাছ ধরার বিল নিয়ে বিরোধ চলমান। এর জের ধরেই বিলে মাছ ধরার জন্য বাঁধ দেওয়ার চেষ্টা করতে গিয়ে পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে অন্তত ১০০ জন আহত হন।

লাখাই থানার ওসি তদন্ত কৃষ্ণচন্দ্র মিশ্র বলেন, ধলেশ্বরী খাঞ্জা বিল নিয়ে দুটি সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে আজ দুপুরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী সংঘর্ষ থামায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগেও বিল নিয়ে দুপক্ষের লোকজন একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমীন খাতুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করতে ইতোমধ্যে ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে।

সোমবারের ঘটনা প্রসঙ্গে লাখাই থানার পরিদর্শক কৃষ্ণচন্দ্র মিশ্র বলেন, ধলেশ্বরী কাইঞ্জার বিল নিয়ে দুটি সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে দুপুরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এর আগেও বিল নিয়ে দুপক্ষের লোকজন একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমীন খাতুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করতে ইতোমধ্যে ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।