হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় স্বামীর ছুরিকাঘাতে ফারজানা বেগম (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নতুন ব্রিজ এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত ফারজানা বেগম চুনারুঘাট উপজেলার লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকার ওই বাড়িতে ভাড়াবাসায় বসবাস করছিলেন। তার স্বামীর নাম নুর আলী, তিনি শানখলা ইউনিয়নের লাদিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে ফারজানা বেগমের হাতে থাকা একটি হাতের (বেচলাইট) নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নুর আলী হাতে থাকা ছুরি দিয়ে ফারজানার তলপেটে আঘাত করেন।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। নিহতের স্বামী নুর আলী দাবি করেছেন, স্ত্রী’র পরকীয়া সন্দেহ থেকেই তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সময় স্ত্রী তাকে হত্যা করতে আসলে প্রাণ রক্ষার্থে স্ত্রীকে ছুরিকাঘাত করেন।
পরে নিজেও নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন বলে তিনি দাবি করেন। এসময় স্থানীয়রা স্বামী-স্ত্রীর দু’জনকেই উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। আহত নুর আলীকে পরে পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী মারা গেছেন, অভিযুক্ত স্বামী পুলিশি হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
