BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৪
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে ফ্লাইট চালু


অক্টোবর ১৮, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ৬ মিনিটে একটি ফ্লাইট অবতরণ করতে দেখা গেছে। ফ্লাইটটি দুবাই থেকে এসেছে।

এর আগে, রাত সাড়ে আটটার পর গণমাধ্যমে পাঠানো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছিল, রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে। তারই কিছুক্ষণের মধ্যে ফ্লাইট নামতে দেখা যায়।

এদিকে, ফায়ার সার্ভিসও জানিয়েছে এই বিমানবন্দরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাদের বক্তব্য, রাত ৯টা ১৮ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন।

যদিও মন্ত্রণালয় জানায়, তারও আগে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসার কথা। তবে কখন নিয়ন্ত্রণে আসে তা তারা উল্লেখ করেনি।

বিমান উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুন সম্পূর্ণ নিভে গেছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করছে।

তবে, ৯টা ১৫ মিনিটের দিকেও নিশ্চিত করেছেন, তখন তিনি সেখানে আগুন জ্বলতে দেখেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় কোনও নিহতের ঘটনা ঘটেনি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

এদিকে, কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো। অগ্নিকাণ্ডের ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তাতে ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর, সিলেটের ওসমানী বিমনবন্দর এবং কলকাতায় অবতরণ করে।

এই অগ্নিকাণ্ডের বিষয়ে জানা গেছে, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ হাউসে আগুন লাগে। হঠাৎ করেই সেখানে ধোঁয়া বের হওয়া শুরু হয়। তারপর তা দাউ দাউ করে জ্বলতে থাকে।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ফায়ার ফাইটারসহ অন্তত সাতজন আহত হয়েছেন এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে এর স্পষ্ট তথ্য জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ সিভিল অ্যাভিয়েশন, সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবি এই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।