BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
আজকের সর্বশেষ সবখবর

সড়ক নিরাপদ রাখতে হবিগঞ্জে পুলিশের ক্যাম্প উদ্বোধন


আগস্ট ২৪, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : সড়ক নিরাপদ রাখতে হবিগঞ্জের অলিপুরে স্থাপিত হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে শিল্প-কারখানা মালিক, শ্রমিক ও স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে বাস্তবে রূপ পেল ক্যাম্প দুটি।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম।

ক্যাম্পের উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (ইন্টেলিজেন্স) হারুন-উর-রশিদ হাজারী। তিনি বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এ পুলিশ ক্যাম্প যুগান্তকারী ভূমিকা রাখবে। শ্রমিক, মালিক ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সবসময় সজাগ থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স-পূর্ব) হাবিবুর রহমান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স-পূর্ব) মীর মোদ্দাছ্ছের হোসেন, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, স্থানীয় শিল্প কারখানার কর্মকর্তা, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানান, অলিপুরে প্রতিদিন লাখো শ্রমিক ও হাজারো যানবাহন যাতায়াতের কারণে চাপ সৃষ্টি হয়। এখানে দখলদারিত্ব, ছিনতাই, দুর্ঘটনা ও আইন-শৃঙ্খলার অবনতি ছিল নিত্য দিনের সমস্যা। মাত্র ৩৬ দিনে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী ও পরিবহন মালিকদের সহযোগিতায় দৃষ্টিনন্দন পুলিশ ক্যাম্প গড়ে তোলা হয়েছে।

এখন থেকে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যৌথ কার্যক্রম চালুর মধ্য দিয়ে এ অঞ্চলের আইনশৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন আসবে।
স্থানীয় শিল্প ও পরিবহন মালিকরা জানান, এই উদ্যোগে নতুন দেশের পুলিশি ব্যবস্থার একটি দৃষ্টান্ত। তারা পুলিশ সুপার রেজাউল করিমকে নতুন বাংলাদেশের নতুন পুলিশি ব্যবস্থার রাহবার আখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত, ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় প্রাণ-আরএফএল, স্কয়ার ডেনিম, বাদশা গ্রুপ, স্টার সিরামিকস, আকিজ গ্রুপ, বিএইচএল, যমুনা গ্রুপসহ অন্তত দশটি বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৪০ হাজার শ্রমিক প্রতিদিন আসা-যাওয়া করেন।

কেবল প্রাণ-আরএফএলেই কর্মরত আছেন প্রায় ২৬ হাজার শ্রমিক। ফলে যানজট, দুর্ঘটনা, ছিনতাই, চাঁদাবাজি ও দখলদারি দীর্ঘদিন ধরেই এ অঞ্চলের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।