বিডিসিলেট প্রতিবেদক :: হবিগঞ্জ সীমান্তে চোরাচালানকালে ভারতীয় পণ্য জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। রোববার (১০ আগষ্ট) ৭টি পৃথক অভিযান এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানাগেছে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির একটি টিম অভিযান চালিয়ে ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে। জব্দকৃত পন্যের মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা।
এছাড়া, চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও বাল্লা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল মদ এবং বিপুল পরিমাণ দামী শাড়ি জব্দ করে। জব্দকৃত পন্যের মূল্য ৪৯ লক্ষ ৪৩ হাজার টাকা।
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও মনতলা বিওপির টহল দল পৃথক অভিযানে ২৪.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত পণ্যের মূল্য ১ লক্ষ ১৪ হাজার ২৫০ টাকা।
অন্যদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দলও চোরাচালান অভিযানে ৬ কেজি ভারতীয় গাঁজা ও ১টি বাই-সাইকেল আটক করে। জব্দকৃত ২৬ হাজার টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা আমাদের মূল লক্ষ্য। জব্দকৃত সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।
