বিডিসিলেট ডেস্ক : সিলেটের বিশ্বনাথে খালের পানিতে ডুবে বাক প্রতিবন্ধী কফিল উদ্দিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের ফজর উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খালের পানিতে ডুবে মারা যাওয়া কফিল উদ্দিন একজন বাক প্রতিবন্ধী ছিলেন। গতকাল সোমবার সকালে বাড়ির পাশে একটি খালের পানিতে তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সকাল সাড়ে ৭টার দিকে যেকোনো এক সময় ওই খালে পানিতে পড়ে যান তিনি। পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে খালের পানিতে তার মৃতদেহ পান।
পরে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
