বিডিসিলেট ডেস্ক : রাজশাহীতে নারকেল গাছ থেকে পড়ে মো. কাজল (২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া পুরাতন ডাকবাংলো এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কাজল উপজেলার ঝলমলিয়া এলাকার মো. কামালের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নিহত কাজল সবসময় নেশা করতেন। নেশার টাকার জন্য মানুষের গাছ থেকে বিভিন্ন ফল চুরি করে বিক্রি করাই ছিল তার কাজ। তারই ধারাবাহিকতায় রাতে বা ভোরের কোনো এক সময় ডাকবাংলোর নারকেল গাছে ওঠেন তিনি। এ সময় গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ রামেক হাসপাতাল পাঠানো হবে।
এ বিষয়ে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গণমাধ্যমকে বলেন, নারকেল গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
