বিডিসিলেট ডেস্ক :
সিলেটের কোম্পানীগঞ্জে নদীতে লাকড়ি কুড়াতে গিয়ে তীব্র স্রোতে আফতাব উদ্দিন (৩১) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ধলাই নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আফতাব উপজেলার কালিবাড়ি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ধলাই নদী দিয়ে উজান থেকে ভেসে আসা লাকড়ি কুড়াতে রবিবার সকাল সাতটার দিকে নদীতে নামেন আফতাব।
এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়। তার কোনো সন্ধান না পাওয়ায় সোমবার ফের অনুসন্ধানে নামবে ডুবুরি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।
তিনি বলেন, ‘ধলাই নদীর স্রোতে এক যুবক ভেসে যাওয়ার খবর পেয়েছি। তাকে উদ্ধারে অনুসন্ধান চালানো হয়েছে। সন্ধ্যা হওয়ায় অভিযান বন্ধ রয়েছে। সোমবার আবার অভিযান চালানো হবে।
