BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে আরো আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


জুলাই ২৩, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

বুধবার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথরকোয়ারী, বাংলাবাজার এবং পান্থুমাই বিওপির সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালান। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ, ক্রিম, ফেসওয়াশ, চকোলেট, সুপারি, গরু, জিরা, বিড়ি, ভিট, রেক্সোনা, বডি স্প্রে, মুভ অয়েন্টমেন্ট, গুঁড়া দুধ, শ্যাম্পু, অলিভ অয়েল, সাবান ও টায়ার জব্দ করা হয়।

এ ছাড়া ওই সময় বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি রসুন, শিং মাছ ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করা হয়। জব্দকৃত এ সব পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা।

সীমান্তে চলমান অভিযান সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গতকাল মঙ্গলবারও সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৩০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করে বিজিবির ৪৮ ব্যাটালিয়ন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।