বিডিসিলেট ডেস্ক : আদালতের নির্দেশে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করতে গিয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলামকে আটকে রেখে হামলার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাকে ও সহযোগীদের উদ্ধার করেন।
সোমবার (২১ জুলাই) দুপুরে শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ পরমানন্দপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), সেরু মিয়া (৪০) ও খাদিজা আক্তারকে (৩৫) গ্রেফতার করেছে।
তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম বলেন, ‘পরমানন্দপুর গ্রামের তারা চান বেগম ও সেরু মিয়ার মধ্যে রাস্তা নিয়ে আদালতে মামলা চলছিল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে রাস্তার প্রতিবন্ধকতা সরাতে গেলে কয়েকজন আমাদের আটকে হামলার চেষ্টা করে।’
তিনি বলেন, ‘পরে সেনাবাহিনীর সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন। আটক তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার পর পুলিশ তাদের গ্রেফতার দেখায়।’
