সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিশালাকৃতির অ্যানাকোন্ডা আমাজন রেইনফরেস্টের একটি নদীর মধ্যে দিয়ে সাঁতার কাটছে। দাবি করা হচ্ছে, ফুটেজটি একটি হেলিকপ্টার থেকে ধারণ করা হয়েছে। কারণ ভিডিওতে হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে।
সবুজে ঘেরা জলের ভিতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলা দৈত্যাকার সাপটির দৃশ্য নেটদুনিয়ায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভিডিওটি এক্স হ্যান্ডলে (টুইটার) পোস্ট করেন একজন ব্যবহারকারী, যিনি ক্যাপশনে লেখেন, ‘আবারও আমাজনের জঙ্গলে দেখা মিলল একটি বিশাল অ্যানাকোন্ডার।’
তবে এই অভূতপূর্ব দৃশ্যের বাস্তবতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, ভিডিওটি হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
কারণ বর্তমান প্রযুক্তিতে স্থির ছবি থেকেও ভিডিও তৈরি করা সম্ভব। যদিও ভিডিওটি রোমাঞ্চকর। তবু এর সত্যতা যাচাই করা এখন বিশেষ জরুরি। আসল-নকলের সীমারেখা যেভাবে মুছে যাচ্ছে, তাতে প্রযুক্তির এই যুগে বিভ্রান্ত হওয়াটা খুব সহজ।
ডিপফেইক ও জেনারেটিভ এআই কনটেন্টের আবির্ভাবে বাস্তব ও কল্পনার মধ্যে পার্থক্য দিন দিন আরও অস্পষ্ট হয়ে উঠছে। এখনো পর্যন্ত কোনো সরকারি সংস্থা ভিডিওটির সত্যতা যাচাই করেনি। এ ছাড়া মেটাডেটা বা লোকেশন ট্যাগিং না থাকায় এর উৎস ও সত্যতা অনিশ্চিত। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
