লাইফস্টাইল ডেস্ক : সুস্থ থাকতে আমরা কত নিয়ম মেনে চলি। সময়ের সঙ্গে পালটে গিয়েছে খাদ্যতালিকা। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ খাদ্যতালিকায় মাংস রাখেন। বিশেষ করে শিশুরা মাংস খেতে ভালোবাসে। আর মাত্র দুই সপ্তাহ পরই শুরু হতে যাচ্ছে ২০২৫ সাল। আর নতুন বছর খাদ্যতালিকায় কিছু খাবার যুক্ত করার পরামর্শ দিয়েছেন ডায়েটিশিয়ানরা। ফুড নেটওয়ার্কডটকমের এক প্রতিবেদনে ডায়টেশিয়ানরা এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। তারা যেসব খাবার খেতে বলেছেন সেগুলো হলো:-
পার্পল স্টিকি রাইস
কালো চাল বা পার্পল স্টিকি রাইস নামেও পরিচিত। ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো-ভিত্তিক পুষ্টিবিদ কে লি বলেছেন, পার্পল স্টিকি রাইসে সাধারণ চালের তুলনায় ছয় গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এতে থাকা অ্যান্থোসায়ানিন নামক উপাদান কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং প্রদাহ কমায়। এই চাল পোকামাকড় প্রতিরোধেও কার্যকর, তাই এতে কম কীটনাশক ব্যবহৃত হয়। এটি সাদা চালের বিকল্প হিসেবে যেকোনো খাবারে ব্যবহার করা যেতে পারে।
ফ্রোজেন ফল ও শাকসবজি
ফ্রোজেন ফল ও সবজি তাজা উপাদানের মতোই বা কখনো কখনো বেশি ভিটামিন ও খনিজ সরবরাহ করে। এগুলো সারাবছর সংরক্ষণযোগ্য, এবং সহজেই বিভিন্ন রান্নায় ব্যবহার করা যায়। ম্যাসাচুসেটসের পুষ্টিবিদ কিয়ানঝি জিয়াং বলেন, আমি ফ্রোজেন ফল এবং মিষ্টি পছন্দ করি। সেই সঙ্গে ফ্রোজেন সবজিও খাই। কারণ এটায় পর্যাপ্ত পুষ্টি থাকে যেটা সারাবছর খাওয়া যায়।
টেম্পে
উদ্ভিদভিত্তিক প্রোটিনের উৎস হিসেবে টেম্পে একটি চমৎকার খাবার। এটি পূর্ণাঙ্গ প্রোটিন, অর্থাৎ এতে শরীরের প্রয়োজনীয় সব অ্যামিনো অ্যাসিড রয়েছে। টেম্পে ম্যারিনেট করে এয়ার ফ্রাই করলে এটি বাইরের দিক থেকে মচমচে হয় এবং দারুণ লাগে।
দই ও কেফির
পেটের স্বাস্থ্য ভালো রাখতে দই ও কেফিরের মতো ফারমেন্টেড খাবার খুবই কার্যকর। এগুলো সহজলভ্য এবং বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা যায়। যেমন: স্মুদিতে, ওটমিলে বা বেকিংয়ে।
কটেজ চিজ
উচ্চ প্রোটিনসমৃদ্ধ কটেজ চিজ দইয়ের মতোই পুষ্টিকর। এটি স্মুদি, অমলেট বা স্যুপের মতো রেসিপিতে ব্যবহার করা যায়। পুষ্টিগুণের জন্য ২০২৫ সালে এই খাবারটি আরো জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মাশরুম
মাশরুম একটি বহুমুখী উপাদান, যা মাংসের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। মাশরুম দিয়ে তৈরি বিভিন্ন পণ্য, যেমন মাশরুম কফি বা প্রোটিন পাউডারও এখন সহজলভ্য।
আখরোট
আখরোটে আলফা লিনোলেনিক অ্যাসিড (এএলএ) নামক উদ্ভিদ-ভিত্তিক ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি সালাদ হিসেবেও খাওয়া হয়। এমনকি চাইলে আপনি মাছ মাংসের বাড়তি স্বাদ আনতে যুক্ত করতে পারেন। আখরোট সহজেই আমাদের শক্তি দেয় তাই একে অনেকেই এনার্জি বল বলেন।
বিন ও মসুর ডাল
উদ্ভিদভিত্তিক প্রোটিনের সহজলভ্য বিন ও মসুর ডাল। এতে প্রোটিনের পাশাপাশি প্রচুর ফাইবার ও আয়রন থাকে। এগুলো দিয়ে স্যুপ, স্ট্যু বা সাধারণ খাবার তৈরি করা যায়।
