BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৮
আজকের সর্বশেষ সবখবর

মামার বিয়েতে এসে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু


আগস্ট ১৫, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : যশোরের কেশবপুরে মামার বিয়েতে দাওয়াত খেতে এসে পুকুরের পানিতে ডুবে আপন খালাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলো সাতক্ষীরা সদর উপজেলার সোহাগ হোসেনের ছেলে শাকিল হোসেন (১০) ও কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের মামুন খানের মেয়ে মালিহা খাতুন (৮)। তারা দুজনই স্কুলশিক্ষার্থী।

পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আশরাফুজ্জামান।
স্থানীয়রা জানায়, উপজেলার হাসানপুর গ্রামের তবিবুর রহমানের বড় ছেলে সোহাগ হোসেনের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে শিক্ষার্থী শাকিল হোসেন ও মালিহা খাতুন বেড়াতে এসেছিল। সম্পর্কে তারা আপন খালাতো ভাই-বোন। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়িসংলগ্ন পুকুরে ওই দুই শিশু গোসল করতে নামে।

তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবিবুর রহমানের ছোট ছেলে সাগর হোসেন জানান, তার বড় ভাই সোহাগ হোসেনের বিয়ে শুক্রবার (১৬ আগস্ট)। বিয়ে উপলক্ষে বেড়াতে এসে দুই বোনের ছেলে ও মেয়ে পানিতে ডুবে মারা গেছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।